কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ভাগনের ছুরিকাঘাতে মামা খুনের ঘটনায় ভাগ্নে মহসিন মিয়াকে গ্রেফতার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ। গতকাল শুক্রবার (১৫ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে কিশোরগঞ্জ জেলা সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার (১৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন।
গ্রেফতারকৃত মহসিন মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার মুকসুদপুর গ্রামের মো. শাহাব উদ্দিনের ছেলে। তিনি তার মাকে নিয়ে দীর্ঘদিন ধরে পাকুন্দিয়া উপজেলার পোড়াবাড়িয়া গ্রামের মামার বাড়িতে থাকতেন। অপরদিকে নিহত আফজাল হোসেন রায়হান পাকুন্দিয়া উপজেলার পোড়াবাড়িয়া গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। তিনি পোড়াবাড়িয়া দাখিল মাদ্রাসার ইংরেজি শিক্ষক ছিলেন।
এলাকাবাসীর বরাত দিয়ে ওসি জানান, গত বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেলে জমি সংক্রান্ত বিরোধের জেরে মামা আফজাল হোসেন রায়হানকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন ভাগনে মহসিন মিয়া। গুরতর আহত অবস্থায় রায়হানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই মহসিন পলাতক ছিল।
এ ঘটনায় শুক্রবার নিহতের স্ত্রী রহিমা খাতুন বাদী হয়ে মহসিন মিয়াসহ দুজনকে আসামি করে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে পাকুন্দিয়া থানা পুলিশের একটি দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার দিবাগত রাত আরাইটার দিকে কিশোরগঞ্জ সদর এলাকা থেকে মহসিনকে গ্রেফতার করে। এ সময় তার দেওয়া তথ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো ছুরিটিও উদ্ধার করা হয়।
