বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিরাপত্তা কোথায়?

আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ০৩:৩২

বিশ্ববিদ্যালয় হলো একটি রাষ্ট্রের উচ্চশিক্ষার সর্বোচ্চ বিদ্যাপীঠ। একটি দেশের উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধিতে বিশ্ববিদ্যালয় অনেক বড় ভূমিকা পালন করে। পরিবার, সমাজ ও দেশকে কিছু দেওয়ার প্রত্যয় নিয়েই একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে। আর সমাজও বিশ্ববিদ্যালয় পড়ুয়া একজন শিক্ষার্থীকে আলাদা চোখে দেখে। তাদের ওপরই সবার ইতিবাচক প্রত্যাশা থাকে।

কিন্তু সেই প্রত্যাশায় ছেদ ঘটে যখন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর অত্যন্ত বর্বরোচিতভাবে হামলা, লাঞ্ছনা ও প্রাণনাশের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটে। সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপরও স্থানীয় সন্ত্রাসীদের দ্বারা বর্বরোচিত হামলা চালানো হয়। গত ১৪ এপ্রিল ইফতার মাহফিলে অংশগ্রহণের জন্য দুজন শিক্ষার্থী যাওয়ার পথে কিছু দুষ্কৃতকারী লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাদের মারধর করে রক্তাক্ত করে। এ ছাড়াও বিভিন্ন সময়ে স্থানীয় সিএনজি চালক, রিকশাচালকসহ একটি সংগঠিত চক্র ভাড়া ইস্যুকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মারধরের ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলেছে। একটি স্বায়ত্তশাসিত ও দেশসেরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের নিজেদের ক্যাম্পাসে নিরাপত্তা না পাওয়ার ব্যাপারটি সত্যিই ভয়াবহ একটি বার্তা দিচ্ছে আমাদের। এভাবে শিক্ষাঙ্গনে স্থানীয় সন্ত্রাসী বাহিনীর কাছে একজন শিক্ষার্থীর জীবন জিম্মি হয়ে যাওয়া কখনোই কাম্য নয়।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর বহিরাগত ও স্থানীয় সন্ত্রাসী কর্তৃক হামলার ইতিহাস পুরোনো নয়। গত বছরের ফেব্র‚য়ারিতে বরিশাল বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনা ঘটেছে। এ ছাড়াও বিভিন্ন সময়ে গণপরিবহন ও ক্যাম্পাসে ভাড়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে স্থানীয় পরিবহন শ্রমিকদের দ্বারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লাঞ্ছিত হওয়ার ঘটনা দীর্ঘদিন ধরেই দৃশ্যমান। এসব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের হুমকি-ধামকির শিকার হতে হয়।

একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে প্রতিটি শিক্ষার্থী তার নিরাপত্তার ব্যাপারটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমানত হিসেবে রাখে। বিভিন্ন সময় এসব কর্মকাণ্ডের যাতে পুনরাবৃত্তি না হয়, সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন উদ্যোগ নিলেও তা যথাযথভাবে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। তাই শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে আরো সুনজর কাম্য। কারণ একমাত্র বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকরী পদক্ষেপই পারে এই সমস্যার একটি কার্যকরী ও দীর্ঘমেয়াদি সমাধান দিতে।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা জাতির মেধাবী সন্তান। তারাই আগামীর বুদ্ধিজীবী, আগামীর দেশ গড়ার কারিগর। একজন শিক্ষার্থী হিসেবে ক্যাম্পাসে নিরাপদে চলতে পারা প্রতিটি শিক্ষার্থীর অধিকার। অন্যায়ভাবে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের অবিলম্বে প্রচলিত আইনে শাস্তির আওতায় আনার মাধ্যমে দৃষ্টান্ত তৈরি করতে হবে। প্রতিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বহিরাগত সন্ত্রাসমুক্ত সুস্থ ও নির্মল পরিবেশ সৃষ্টি করতে হবে। ভবিষ্যতে যাতে শিক্ষার্থীদের এ ধরনের হামলার শিকার না হতে হয় সেজন্য প্রশাসনকে আরো সজাগ দৃষ্টি রাখতে হবে। দেশের সব ক্যাম্পাস শিক্ষার্থীবান্ধব করে গড়ে তুলতে হবে। সর্বোপরি, বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদের সুষ্ঠু নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয়সহ দেশের সব স্তরের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত হোক—এটাই সবার প্রত্যাশা।

লেখক: শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

ইত্তেফাক/এসজেড

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন