ঢাকা কলেজের শিক্ষার্থী এবং পেশাগত দায়িত্ব পালনকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (হাবিপ্রবিসাস)। একইসাথে তারা হামলাকারীদের গ্রেফতার করার দাবি জানান।
বুধবার (২০ এপ্রিল) হাবিপ্রবি সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক যোবায়ের ইবনে আলী স্বাক্ষরিত এক যৌথ বিজ্ঞপ্তিতে সভাপতি মো. মিরাজুল আল মিশকাত ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
নেতৃবৃন্দ বলেন, 'শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনকালে যারা সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে তারা যারা-ই হোক না কেন তারা সন্ত্রাসী। অতীতে বিভিন্ন সময়ে এভাবে সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়েছে।'
নেতৃবৃন্দ আরো বলেন, 'এ ধরনের অপকর্মকে যেকোনো মূল্যে প্রতিহত করা করতে হবে। অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।'
