চট্টগ্রাম বন্দরে বালুবোঝাই বাল্কহেড জাহাজডুবি

আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১৫:১৮

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে বালুবোঝাই একটি বাল্কহেড জাহাজ নিমজ্জিত হয়েছে। জাহাজটির মাস্টারসহ ৫ জন আরোহীকে উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাস্থল দিয়ে জাহাজ চলাচলে সতর্কতা জারি করেছে বন্দর কর্তৃপক্ষ।

বুধবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বন্দরের বহির্নোঙরের চার্লি অ্যাংকোরেজে এ দুর্ঘটনা ঘটেছে বলে চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক জানিয়েছেন।

বুধবার সকালে চট্টগ্রাম জেলা ও আশেপাশের এলাকায় কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সময় ঝড়ো হাওয়ার কবলে পড়ে বালুবোঝাই বাল্কহেড জাহাজটি ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে।
 
চট্টগ্রাম বন্দরের রেডিও কন্ট্রোল সূত্রে জানা গেছে, বাল্কহেড জাহাজ ডুবে যাওয়ার কারণে বন্দরে জাহাজ চলাচলে কোনো সমস্যা হচ্ছে না। তবে দুর্ঘটনা এড়াতে বয়া দিয়ে ওই জায়গাটা চিহ্নিত করে রাখা হয়েছে। 

ইত্তেফাক/এসজেড