‘কী নিয়ে আন্দোলন করা যাবে, তার একটা তালিকা দেওয়া হোক’

আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ১৭:৪৪

তেঁতুলতলা খেলার মাঠকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নির্বাহী সভাপতি সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নিজেদের গণতান্ত্রিক দেশ বলে অভিহিত করি আর খেলার মাঠের জন্য আন্দোলন করা যাবে না এটা কোন গণতন্ত্র? তাহলে কোন কোন বিষয়ে আন্দোলন করা যাবে আর কোন কোন বিষয়ে করা যাবে না, তার একটা তালিকা দেওয়া হোক। বলে দেওয়া হোক এগুলো সরকারি কাজ, এগুলোতে বাঁধা দেওয়া যাবে না। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে দেখতে চাই তাদের দ্বারা কাউকে হয়রানি করা হচ্ছে দেখতে চাই না।

সোমবার (২৫ এপ্রিল) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘তেঁতুলতলা মাঠে থানা না এলাকাবাসীকে হয়রানি ও আটকের তীব্র প্রতিবাদ’ শীর্ষক সংবাদ সম্মেলনে মানবাধিকারকর্মীরা এসব কথা জানান।

সংবাদ সম্মেলনে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পরিবেশ নিয়ে কাজ করতে গেলে এখন হেনস্তার শিকার হতে হচ্ছে। বসবাসের অযোগ্যের তালিকায় থাকা শহরে একটা খেলার মাঠ নিয়ে নেওয়া মানে আত্মহত্যার শামিল। এলাকাবাসী খেলবে কোথায়, এই জবাব কি কর্তৃপক্ষ দেবে?

রত্নাকে আটকের ঘটনা প্রসঙ্গে বেলার নির্বাহী সভাপতি বলেন, ‘তুলে নিয়ে যাওয়ার প্রবণতা আবার দেখলাম। তিনি যদি কোনো আইন ভঙ্গ করতেন, তাহলে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া যেতো। কিন্তু পুলিশ তাকে ও তার ছেলেকেও গাড়িতে তুলে নিয়ে গেল।

সংবাদ সম্মেলনের আয়োজন করেছে এএল আরডি, বাপা, বেলা, আসক, ব্লাস্ট, নিজেরা করি, নাগরিক উদ্যোগ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, নারীপক্ষ, গ্রীন ভয়েজ হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি ও টিআইবি। সংবাদ সম্মেলনে প্রতিটি সংগঠন থেকে প্রতিনিধি উপস্থিত ছিলেন। 

 

ইত্তেফাক/এনএ