ইবিতে মারামারির ঘটনায় বহিষ্কার ১, তদন্ত কমিটি গঠন

আপডেট : ১০ মে ২০২২, ২১:৪৮

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এক শিক্ষার্থীকে শারীরিক ভাবে লাঞ্ছিত করে আহত করার অভিযোগে অভিযুক্ত শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বহিষ্কৃত মামুন অর রশিদ বিশ্ববিদ্যালয়ের ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এছাড়া বিস্তারিত তথ্য উৎঘাটনে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান এ তথ্য  জানিয়েছেন। 

তিনি বলেন, গত ২৮ মার্চ সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে পুকুর পাড়ে বায়ােটেকনােলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মাে. সােহেল শিহাবকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে গত ৩০ মার্চ অভিযুক্ত মামুনকে তিন কার্যদিবসের মধ্যে উপর্যুক্ত কারণ দর্শানোর নোটিশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। 

সেই সাথে বিস্তারিত তথ্য উৎঘাটনে চারুকলা বিভাগের সভাপতি প্রফেসর ড. মামুনুর রহমানকে আহবায়ক, সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট প্রফেসর ড. আসাদুজ্জামানকে সদস্য ও সহকারী প্রক্টর ড. মুর্শিদ আলমকে সদস্যসচিব করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন ভাইস-চ্যান্সেলর মহোদয়। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য বলা হয়েছে।

ইত্তেফাক/এআই