হরিণছড়া থেকে অস্ত্র-গোলাবারুদসহ আটক জেএসএস সদস্য

আপডেট : ০১ মে ২০২২, ২১:২৫

পার্বত্য চট্টগ্রামের হরিণছড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র-গোলাবারুদসহ একজনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রবিবার (১ মে) বিকাল সাড়ে ৫ এ অভিযান চালিয়ে বিমল চাকমা (২২) নামে এক সন্ত্রাসীকে আটক করা হয়।

এদিন সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে হরিণছড়া এলাকা থেকে বিমল চাকমাকে আটক করে সেনাবাহিনীর ৭ আর ই ব্যাটালিয়ন। এ সময় তার কাছ থেকে একটি অটোমেটিকস (এসএমজি), ম্যাগাজিন, একটি দেশীয় বন্দুক, ১৫ রাউন্ড অ্যামোনিশন, একটি রামদা, একটি স্মার্ট ফোন, দুটি বাটন ফোন, একটি ব্যাগ ও নগদ ৭ হাজার ৫৭ টাকা উদ্ধার করা হয়। 

গ্রেফতার বিমল চাকমা স্থানীয় জেএসএস (মূল) এর সন্ত্রাসী। বিমলসহ অভিযানে উদ্ধার করা অস্ত্র, অ্যামোনিশন এবং অন্যান্য সরঞ্জামাদি বড়ইছড়ি থানা পুলিশ, কাপ্তাই, রাঙ্গামাটি জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

পার্বত্য চট্টগ্রামে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।

ইত্তেফাক/জেডএইচডি