নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, আমাদের গভীর সমুদ্রবন্দর মাতারবাড়ী হচ্ছে, পৃথিবীর বড় বড় জাহাজগুলো আগামী তিন থেকে চার বছরের মধ্যেই বাংলাদেশে নোঙর করবে। এতে করে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে। শ্রমিকভাইদের আর অধিকারের দাবি নিয়ে ইউএনও কিংবা ডিসি অফিস ঘেরাও করতে হয় না।
তিনি বলেন, কারণ শেখ হাসিনার সরকারই হচ্ছে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ বান্ধব সরকার। করোনা পরিস্থিতিতে বিশ্বের অনেক উন্নয়নশীল দেশ আর্থিকভাবে দেউলিয়া হয়ে গেছে। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দূরদর্শিতার জন্য বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সক্রিয় ও স্বাভাবিক রয়েছে। দেশের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত চলমান রয়েছে। কোন কিছুকেই থামতে দেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের উন্নয়ন, অগ্রগতি আর সমৃদ্ধির জন্য শেখ হাসিনার বিকল্প কোন সরকার হতে পারে না। এ কারণে আগামীতেও জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে নৌকা প্রতীকে ভোটদানসহ নৌকার ভোটের জন্য শ্রমিকভাইদের আগ্রণী ভূমিকা পালন করতে হবে।
রবিবার সকালে দিনাজপুরের বিরল উপজেলার বকুলতলা মোড়ে সকল শ্রমিক সংগঠনের উদ্যোগে আয়োজিত মহান ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসের শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি উপরোক্ত কথা বলেন।
উপজেলা কুলি শ্রমিক ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে এবং বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির সভাপতি হাসান ফরিদ বিদ্যুৎতের সঞ্চালনায় আয়োজিত শ্রমিক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আফছানা কাওছার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর ও সাধারণ সম্পাদক রমাকান্ত রায়।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সিএনজি চালিত ইজিবাইক এর সাধারণ সম্পাদক তানজিউল ইসলাম লাবু, উপজেলা কুলি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কামুরজ্জামান ভোলা, বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক আবু কালাম, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সাজ্জাদ আলী, জেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন এর সভাপতি আব্দুল মোতালেব, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, দিনাজপুর জেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন এর সভাপতি বাবু, সাধারণ সম্পাদক জানে আলম প্রমুখ। সমাবেশে সকল শ্রমিক সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

