সড়ক দুর্ঘটনায় আহত ইবি শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ১০ মে ২০২২, ২১:৪৩

ঝিনাইদহের ভাটই বাজার এলাকায় রোববার (১ মে) সাইকেলে যাওয়ার সময় বাসের ধাক্কায় সড়কে পড়ে গিয়ে মারাত্মক আহত হওয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তাহসিব হোসেন শুক্রবার রাত ৮টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

তাহসিবের গ্রামের বাড়ি বরগুনা জেলার বামনা উপজেলায়। দু'ভাইবোনের মধ্যে তিনি ছিলেন জ্যেষ্ঠ। তার পিতার নাম মো. ছগির হোসেন। 

শনিবার (৭ মে) বিভাগের সভাপতি প্রফেসর ড. এয়াকুব আলী এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, তাহসিব বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। আমরা তার মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আসলে শিক্ষার্থী হারানো সবসময়ই কষ্টদায়ক।

বিভাগ ও সহপাঠী সূত্রে জানা গেছে, গত ১ মে ঝিনাইদহ জেলার ভাটই বাজার এলাকায় সাইকেলে যাওয়ার সময় একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে সড়কে পড়ে গিয়ে তিনি মারাত্মক ভাবে আহত হন। তার মাথার পিছনের হাড় ভেঙ্গে যায় এবং মস্তিষ্কে রক্ত জমাট বাঁধে।

এসময় তাকে চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকদের পরামর্শে প্রথমে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে হাসপাতালে এবং পরে গত ৪ মে ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে ভর্তি করানো হয়। প্রথমদিনেই তাকে আইসিইউতে নেওয়া হয়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও গতকাল শুক্রবার বিকেলে হঠাৎ করেই অক্সিজেন সেচুরেশন কমে যায়। এসময় ভেন্টিলেটর দিলেও হৃৎস্পন্দন অনেক কম ছিল। পরে রাত আনুমানিক ৮ টার দিকে আহত হওয়ার ৫ দিন পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাহসিবের বাবা মো. ছগীর হোসেন বলেন, আমার ছেলের মতো আর কারও এরকম যেন সড়ক দুর্ঘটনায় প্রাণ না যায়। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।

ইত্তেফাক/এআই