দেশের ৫০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাজেট চূড়ান্ত করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এবার বরাদ্দ দেওয়া হয়েছে ১০ হাজার ৪৪৪ কোটি ৪ লাখ টাকা।
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) পাচ্ছে ১০৮ কোটি ৭৫ লাখ টাকা। এই বাজেটে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বরাদ্দপ্রাপ্তিতে দ্বিতীয় সর্বোচ্চ বাজেট পেয়েছে বিশ্ববিদ্যালয়টি।
বুধবার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে এ তথ্য জানা যায়। এর আগে ১৬ মে ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. দিল আফরোজা বেগমের সভাপতিত্বে ১৬২তম পূর্ণ কমিশন সভায় এ বাজেট অনুমোদিত হয়। সভার কার্যপত্র তুলে ধরেন ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান।
আসন্ন অর্থবছরে সরকারের পক্ষ থেকে পরিচালন ব্যয় বরাদ্দ-প্রাপ্তির শীর্ষে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ২০২২-২৩ অর্থবছরের পরিচালন ব্যয় নির্বাহে ৮৬৪ কোটি ৯৪ লাখ টাকা পাচ্ছে প্রাচীনতম এই বিশ্ববিদ্যালয়টি।
ইউজিসির দেওয়া বরাদ্দের সঙ্গে নিজস্ব আয় যুক্ত করে স্ব স্ব প্রতিষ্ঠানের কেন্দ্রীয় বাজেট প্রণয়ন করবে বিশ্ববিদ্যালয়গুলো।
