লালমনিরহাটে সাপের দংশনে নারীর মৃত্যু

আপডেট : ১৯ মে ২০২২, ১৫:০৪

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিষধর সাপের দংশনে আমেনা খাতুন (৫৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ মে) দিবাগত রাতে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালাল পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি দালালপাড়া গ্রামের আব্দুল আজিজের স্ত্রী।

ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলার রহমান খোকন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

পরিবার সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত ১১টার দিকে ঘরের পাশে রাখা মুরগির খটখট শব্দ শুনে রাতেই আমেনা খাতুন মুরগির ঘরে প্রবেশ করে। মুরগির খাঁচায় বাম হাত প্রবেশ করা মাত্রই বিষধর সাপ দংশন করে। এ সময় তার স্বামী আব্দুল আজিজ হাতের উপরে বেঁধে রাখেন। পরে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তাসকিনুর রহমান প্রাথমিক চিকিৎসা দিয়ে হাতের দুটি বাঁধন খুলে দেয়। এর কিছুক্ষণ পর রোগীর অবস্থা বেগতিক দেখে চিকিৎসক রংপুর মেডিক্যালে রোগিকে রেফার্ড করেন। এর কিছুক্ষণ পর হাসপাতালেই রোগীর মৃত্যু হয়।

 

হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তাসকিনুর রহমান জানান, সাপে দংশন করা ওই নারীকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে আমরা প্রাথমিক চিকিৎসা করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করি।

হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক এসআই আজিজার রহমান বলেন, বিষয়টি নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে। লাশ পারিবারিকভাবে দাফন সম্পন্ন হবে।

ইত্তেফাক/এমআর