চট্টগ্রামে চলন্ত বাসে গার্মেন্টস কর্মী ধর্ষণচেষ্টা, ২ আসামি গ্রেফতার

আপডেট : ২৭ মে ২০২২, ১০:২৩

চট্টগ্রামে চলন্ত বাসে এক গার্মেন্টস কর্মীকে ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের হওয়া মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন, বাসের চালক মোহাম্মদ টিপু ও সহকারী জনি দাশ।

গত বুধবার রাতে জেলার হাটহাজারী উপজেলার কুয়াইশ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা এসব তথ্য জানান।

গত ১৯ মে রাতে ১৯ বছর বয়সি ঐ তরুণী কালুরঘাট বিসিক এলাকায় একটি গার্মেন্টে কাজ শেষে কারখানার শ্রমিকবাহী বাসে বাসায় ফিরছিলেন। বহদ্দারহাট মোড়ে অন্য পোশাক কর্মীরা নেমে গেলেও তিনি নামতে পারেননি। চালক তাকে পেছনে টেনে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় হেলপার বাসটি চালাচ্ছিল। রাহাত্তারপুল এলাকায় যাওয়ার পর তরুণী বাস থেকে লাফ দিয়ে পড়ে অজ্ঞান হয়ে যায়। ছয় দিন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সা শেষে গত মঙ্গলবার তিনি বাসায় ফেরেন। এ ঘটনায় গত বুধবার তিনি বাকলিয়া থানায় চালক ও সহকারীকে আসামি করে মামলা করেন। ঐ রাতেই অভিযানে নেমে দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ।

ইত্তেফাক/এমআর