চট্টগ্রামের লোহাগাড়ায় সবজি বোঝাই পিকআপের চাপায় এক পান দোকানদার নিহত হয়েছেন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ডাকবাংলো এলাকার ইউনিয়ন পরিষদের সামনে বুধবার (১ জুন) সকাল ১১টার এ দুর্ঘটনা ঘটে। দোহাজারি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকসুদ আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত সাইফুল ইসলাম (২২) উপজেলার চুনতি আদর্শ পাড়ার বজল আলীর পুত্র।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম চুনতি ডাকবাংলোর সামনে একটি পানের দোকান করতেন। দোকান থেকে বের হয়ে মহাসড়কের দিকে রাস্তা পার হওয়ার সময় সবজি বোঝাই পিকআপ তাকে চাপা দিলে সে ঘটনাস্থলে মারা যায়।
ওসি মকসুদ আহম্মদ বলেন, খবর পেয়ে এসআই বাবুল মিয়াকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পিকআপটি দোহাজারী থানা হেফাজতে আনা হয়েছে। ঘাতক চালক পলাতক রয়েছে বলে তিনি জানান।
