রিয়াল ছাড়লেন বেল

আপডেট : ০২ জুন ২০২২, ০৯:৩৬

তার আগমনটা ছিল অন্যতম আলোচিত। সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড গড়ে টটেনহাম হটস্পার থেকে ১০০ মিলিয়ন ইউরোতে তাকে দলে ভিড়িয়েছিল রিয়াল মাদ্রিদ। সেই গ্যারেথ বেল ক্লাব ছাড়লেন অনেকটা নীরবেই। বুধবার (১ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান রিয়ালের সঙ্গে তার সম্পর্ক চুকে যাওয়ার কথা।

চুক্তি অনুযায়ী এবারই ছিল রিয়ালে বেলের শেষ মৌসুম। আগে থেকেই পরিষ্কার ছিল মৌসুম শেষে ক্লাব ছাড়বেন তিনি। ২০১৩ সালে যোগ দেন ক্লাবটিতে। করিম বেনজেমা ও ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে মিলে আক্রমণ ভাগে হয়ে উঠেন বিধ্বংসী এক ত্রয়ী। কিন্তু জিনেদিন জিদান দ্বিতীয়বার দায়িত্ব নেওয়ার পর মূল একাদশে নিজের জায়গা হারান ওয়েলসের এই ফরোয়ার্ড। হারানো সেই জায়গা আর অর্জন করতে পারেননি।

রিয়ালের হয়ে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি করে লা লিগা, ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ ও একটি কোপা দেলরে জিতেছেন বেল। ২৫৮ ম্যাচ খেলে গোল করেছেন ১০৬টি।

এদিকে বেলের মতোই দলবদলে রেকর্ড গড়া পল পগবাও ক্লাব ছাড়ছেন। ৮৬ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে জুভেন্তাস থেকে কেনা এই ফরাসি মিডফিল্ডারকে ফ্রিতেই ছেড়ে দিচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। 

ইত্তেফাক/এসজেড