মির্জাপুরে উপজেলা সদরে রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধভাবে মোটরসাইকেল পার্কিং করায় ঘণ্টার পর ঘণ্টা তীব্র যানজটে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে পৌরবাসীকে।
ফুটপাত দখলমুক্ত ও অবৈধ অটোরিকশা চলাচল বন্ধ করার জন্য পৌরসভার মেয়র এবং মির্জাপুর থানার ওসির মাইকিং করার পরও অবৈধ পার্কিং বন্ধ হচ্ছে না।
মির্জাপুর উপজেলা সদরের পৌরসভার অতি গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম তিনটি রাস্তা হচ্ছে কেন্দ্রীয় জামে মসজিদের কালীবাড়ি রোড হয়ে কুমুদিনী হাসপাতাল রোড, কলেজ রোড হয়ে খাদ্যগুদাম রোড এবং বংশাই রোড হয়ে বাইপাস রোড। গুরুত্বপূর্ণ এই তিনটি রাস্তা দখল করে মোটরসাইকেল পার্কিং চলে আসছে দীর্ঘদিন ধরে। রাস্তার ওপর মোটরসাইকেল পার্কিং করে রাখায় দুই দিক থেকে আসা ছোট-বড় বিভিন্ন যানবাহন এবং রিকশা চলাচল করতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা তীব্র যানজটের কবলে পড়তে হচ্ছে।
পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল বলেন, রাস্তা ও ফুটপাত দখল করে যারা অবৈধভাবে মোটরসাইকেল পার্কিং করে জনদুর্ভোগ সৃষ্টি করছেন পৌরসভা এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে মির্জাপুর থানায় জরুরি সভা করে পৌরসভার পক্ষ থেকে মাইকিং করা হয়েছে রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান শুরু হয়েছে।
