রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ঢাবির স্নাতক ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘খ’ (কলা অনুষদ) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় উপস্থিতির শতকরা হার ৯৭ দশমিক ৭ শতাংশ।
শনিবার (৪ জুন) দুপুরে পরীক্ষা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা (ডিন) অধ্যাপক মো. ইলিয়াছ হোসেন।
তিনি জানান, শনিবার বেলা ১১টা থেকে পরীক্ষা শুরু হয়। চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। ভর্তি পরীক্ষায় ৭ হাজার ২১৯ জনের মধ্যে ৭ হাজার ৫০ জন ভর্তিচ্ছু অংশগ্রহণ করেন। অনুপস্থিত ছিলেন ১৬৯ জন।
জানা গেছে, পরীক্ষায় এমসিকিউ ও লিখিত মিলে মানবণ্টন ছিল ১০০ নম্বরের। ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা। এমসিকিউ'র জন্য ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় দেওয়া হয়।
একইসঙ্গে গতকাল (শুক্রবার) অনুষ্ঠিত ঢাবির 'গ' (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতির শতকরা হার ছিল ৯৮ দশমিক ৫৪ শতাংশ।
এ ছাড়া, আগামী ১০ জুন (শুক্রবার) ‘ক’ ইউনিটে ১৩ হাজার ৩২১ জন ভর্তিচ্ছু পরীক্ষা দেবেন। ১১ জুন (শনিবার) ‘ঘ’ ইউনিটের পরীক্ষায় ৬১২৮ জন এবং সর্বশেষ ১৭ জুন (শুক্রবার) ‘চ’ ইউনিটের পরীক্ষায় ৫৩৬ জন ভর্তিচ্ছু অংশগ্রহণ করবেন।
