সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড: বার বার মূর্ছা যাচ্ছেন আলাউদ্দিনের বাবা-মা ও স্ত্রী

আপডেট : ০৫ জুন ২০২২, ২১:৪৪

সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুন নেভাতে গিয়ে নিভে গেছে ফায়ার ফাইটার মো. আলাউদ্দিনের (৩৬) প্রাণপ্রদীপ। সে নোয়াখালী জেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা মুন্সীবাড়ীর মো. আব্দুর রশিদ এর ছেলে। 

রবিবার (৫ জুন) সকালে নিহতের ভাই নাছির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। আলাউদ্দিনের বাবা-মা, ৬ ভাই ও ৪ বোন রয়েছে। ৬ ভাইয়ের মধ্যে সে ৫ম। এছাড়া তার স্ত্রী ও ৩ বছরের এক ছেলে রয়েছে। 

নিহত আলাউদ্দিনের ভাই নাছির উদ্দিন জানান, নোয়াখালী-১ চাটখিল সোনাইমুড়ী আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম তাদের সঙ্গে যোগাযোগ করে খোজ খবর নিয়েছেন শোক ও সমবেদনা জানিয়ে নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এমন পরিস্থিতিতে নিহতের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। বাবা-মা ও স্ত্রী বার বার মূর্ছা যাচ্ছেন। 

নাছির উদ্দিন আরও জানান, তারা বিভিন্ন গণমাধ্যমে নিহতের খবর জানলেও ফায়ার সার্ভিসের লোকজন এ ব্যাপারে তাদের কোনো তথ্য দিচ্ছে না। ফায়ার সার্ভিসের লোকজনের সঙ্গে তারা যোগাযোগ রক্ষা করে চলেছেন। তবে তারা আলাউদ্দিন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন। 

ইত্তেফাক/এমএএম