জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধিকতর উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় ধাপের কাজের ১৪টি নতুন স্থাপনার নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। বুধবার (৮ জুন) বেলা সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম এ কাজের উদ্বোধন করেন। অধিকতর উন্নয়ন প্রকল্পের অধীনে প্রথম ধাপে ছয়টি আবাসিক হলের কাজ প্রায় শেষের দিকে।
দ্বিতীয় ধাপের কাজের মধ্যে রয়েছে- প্রশাসনিক ভবন নির্মাণ, গ্রন্থাগার, স্পোর্টস কমপ্লেক্স, গেস্ট হাউস, লেকচার থিয়েটার, ছাত্রীদের খেলার মাঠ, আল-বেরুনী হলের খেলার মাঠ উন্নয়ন, হাউজ টিউটরদের জন্য বাসভবন, ১৫২ জন ছাত্রের জন্য শহীদ রফিক-জব্বার হল সমাপ্তকরণ, প্রাধ্যক্ষদের জন্য আবাসিক কমপ্লেক্স, শিক্ষকদের জন্য আবাসিক টাওয়ার, তৃতীয় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের জন্য আবাসিক টাওয়ার ও পরিচ্ছন্ন কর্মচারীদের জন্য আবাসিক টাওয়ার নির্মাণ।
উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম বলেন, সারা পৃথিবীতে বাংলাদেশ আজ রোল মডেল হিসেবে কাজ করছে। বাংলাদেশে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। আমরা যদি কাজের গুনগত মান ঠিক রাখতে না পারি তাহলে প্রধানমন্ত্রী যে উদ্দেশ্য নিয়ে আমাদেরকে এ বাজেট প্রদান করেছেন তা ব্যর্থ হবে। কাজের মান ঠিক রাখার জন্য খুব শীঘ্রই আমি তদারকি কমিটি করবো। উন্নয়ন প্রকল্প সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থীর সহযোগিতা কামনা করছি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, ডীন কমিটির সভাপতি এবং গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডীন অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার, শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ছায়েদুর রহমান, প্রাধ্যক্ষ কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহা. মজিবুর রহমান, প্রকল্প পরিচালক নাসির উদ্দিন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন প্রমুখ।
