প্রথমবারের মতো নারী পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ উত্তর কোরিয়ায়

আপডেট : ১১ জুন ২০২২, ১২:০৯

উত্তর কোরিয়ার গুরুত্বপূর্ণ পারমাণবিক আলোচক চোয়েন সোন হুইকে নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার (১১ জুন) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, কিম জং উনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়ে যাওয়া ক্ষমতাসীন দলের এক বৈঠকের পর এই নিয়োগ দেওয়া হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

কেসিএনএ জানিয়েছে, বৈঠকে কিম উত্তর কোরিয়ার সার্বভৌম অধিকার রক্ষার জন্য দেশের সামরিক শক্তি এবং প্রতিরক্ষা গবেষণা বাড়ানোর লক্ষ্য উপস্থাপন করেছেন। তবে এর বিস্তারিত জানায়নি। তিনি বলেন, ‘আত্মরক্ষার অধিকার হল সার্বভৌমত্ব রক্ষার একটি ইস্যু।’

গত বুধবার শুরু হয় ওয়ার্কাস পার্টি অব কোরিয়ার (ডব্লিউপিকে) কেন্দ্রীয় কমিটির প্লানারি বৈঠক। শুক্রবার সেই বৈঠক শেষ হয়।

যুক্তরাষ্ট্র যখন সতর্ক করে দিয়ে বলেছে উত্তর কোরিয়া সপ্তম পারমাণবিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তখন নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগের খবর সামনে এলো। ওয়াশিংটন বলেছে, এই পরীক্ষা যদি চালানো হয় তাহলে তারা জাতিসংঘের মাধ্যমে নতুন নিষেধাজ্ঞা আরোপ করবে উত্তর কোরিয়ার ওপর।

গত বুধবার, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষার অব্যাহত সম্ভাবনাকে ‘খুব নিবিড়ভাবে’ পর্যবেক্ষণ করছে।

ইত্তেফাক/টিআর