কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মুন্সি শহিদ উদ্দিন মো. তারেক এর বাসা থেকে রুবিয়া আক্তার (১৫) নামের এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৯ জুন) রাত ৮ টার দিকে কুষ্টিয়া শহরের কাটাইখানা মোড়স্থ আব্দুল জব্বার সড়কের বাসা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। কুষ্টিয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর পেছনের কারণ সম্পর্কে এখনো জানতে পারিনি। মৃতের স্বজনদের জন্য অপেক্ষা করছি।
স্থানীয় সূত্র জানায়, রুবিয়ার গ্রামের বাড়ি রাজবাড়ী জেলার পাংশায়। তার বাবার নাম মো. নবী। প্রায় দুই মাস ধরে সে এ বাসায় কাজ করতো। রবিবার সন্ধ্যার দিকে জানালা দিয়ে স্থানীয়রা ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়, পরে পুলিশ ঘটনাস্থল থেকে গলায় ওড়না পেঁচানো লাশ উদ্ধার করে।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মুন্সি শহিদ উদ্দিন মো. তারেক বলেন, আমি ক্যাম্পাসে ছিলাম, সন্ধ্যা ৬টার দিকে বিষয়টি জানতে পেরেছি। আমার বাসার নিচতলায় একটা গেস্টরুম রয়েছে। সে গেস্টরুমে গলায় ওড়না পেচিয়ে ঝুলে ছিলো, পুলিশ এসে দরজা ভেঙে মরদেহ বের করেছে।
