সুইমিংপুলে অজ্ঞান সাঁতারু

আপডেট : ২৪ জুন ২০২২, ০৬:৪৩

এ যেন মৃত্যুর মুখ থেকে ফিরে আসা। যে পানির সঙ্গে এত সখ্য, সেই পানিতেই জ্ঞান হারিয়ে বসেন যুক্তরাষ্ট্রের আর্টিস্টিক সাঁতারু আনিতা আলভারেজ। বুদাপেস্টে ফিনা ২০২২ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোলো ফ্রি আর্টিস্টিক সুইমিংয়ে নেমেছিলেন ২৫ বছর বয়সি সাঁতারু। কিন্তু সাঁতার শেষ করার পরই শ্বাসপ্রশাস বন্ধ হয়ে যায় তার। ডুবে যাচ্ছিলেন সুইমিংপুলেই। অজ্ঞাত অবস্হায় পুল থেকে তাকে উদ্ধার করেন কোচ আন্দ্রেয়া ফুয়েন্তস।

এর আগে বার্সেলোনা অলিম্পিক বাছাইপর্বে এমন অবস্হা হয়েছিল আনিতার। তখনো প্রাণ বাঁচিয়েছিলেন ফুয়েন্তস। এবারের ঘটনার বর্ণনা করতে গিয়ে চারটি পদক জেতা এই অলিম্পিয়ান বলেন, ‘মনে হচ্ছিল কয়েক ঘণ্টা ধরে এটা চলেছে। ওর ফুসফুসে জল ঢুকেছিল। ঘটনার সময় আমি বুঝতে পেরেছিলাম কিছু একটা সমস্যা হচ্ছিল ওর। আমি লাইফ গার্ডদের দিকে তাকিয়ে চিত্কার করছিলাম, কিন্তু তারা সাহায্য করেনি। তাই আমিই লাফিয়ে নেমে পড়ি। প্রথমে ও নিঃশ্বাস নিচ্ছিল না, ওর হৃত্স্পন্দন অনেক বেশি ছিল। দাঁত চেপে ছিল। জলে নেমে ওকে না তুললে খারাপ কিছু হতে পারত। তবে ও যখন শ্বাস নেওয়া শুরু করে, তখন থেকে ও স্বাভাবিক হয়।’ 

যুক্তরাষ্ট্র সাঁতার দল অবশ্য জানিয়েছে, এখন অনেকটাই ভালো আছেন আনিতা। নিজের রুটিনে ৮৭.৬৩৩ পয়েন্ট স্কোর করে সপ্তম হয়েছেন তিনি।

ইত্তেফাক/জেডএইচডি