হাতিয়ায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে সোমবার বিকালে চারটি ফিশিং ট্রলার জব্দ করেছে কোস্ট গার্ড| এসব ট্রলার গভীর সমুদ্রে মাছ শিকার করে মোকামে যাওয়ার সময় জব্দ করা হয়| মঙ্গলবার সকালে জব্দ ট্রলারের ৭৯ মাঝি ও জেলেকে জরিমানা করা হয়েছে|
সোমবার বিকালে মাছ ধরা এসব ট্রলার হাতিয়ার নলচিরা ঘাটের উত্তর পাশে মেঘনা থেকে জব্দ করা হয়| পরে জব্দ করা ট্রলারপ্রতি ১০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম হোসেনের ভ্রাম্যমাণ আদালত| এ সময় ট্রলারে থাকা ১৯ মণ ইলিশসহ সামুদ্রিক মাছ নিলামে বিক্রি করে দেওয়া হয়| জব্দ করা চারটি ট্রলারে থাকা ৭৯ জন মাঝি ও জেলেকে ঐ জরিমানা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়| এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা অনিল চন্দ্র দাস ও কোস্ট গার্ডের কর্মকর্তারা|
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম হোসেন বলেন, সমুদ্রে মৎস্য প্রজনন বৃদ্ধির লক্ষ্যে সরকার ২০ মে থেকে ২৩ জুলাই সমুদ্রে সব ধরনের মাছ শিকার বন্ধ রাখার ঘোষণা দেয়| এ লক্ষ্যে সমুদ্রে অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড, নৌ-পুলিশ ও একাধিক আইনশৃঙ্খলা বাহিনী|
