আন্তর্জাতিক মাসিক স্বাস্থ্য সুরক্ষা দিবস ২০২২ উপলক্ষে পার্বত্য রাঙামাটির প্রত্যন্ত অঞ্চলে কিশোরী ও নারীদের মাসিক স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা সভা এবং সেমিনারের আয়োজন করা হয়েছে। সেনোরার সহযোগিতায় লাইটশোর ফাউন্ডেশন এবং জীবন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে এ আয়োজন করা হয়।
স্কুল-কলেজের ছাত্রীদের ঋতুস্রাববান্ধব স্যানিটেশন, মাসিক স্বাস্থ্য সুরক্ষা, স্বাস্থ্যসম্মত উপায়ে ঋতুকালীন পরিচর্যা, মাসিক ব্যবস্থাপনা সচেতনতা বৃদ্ধি করতেই এই আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়াও সভা ও সেমিনারে মাসিক চলাকালীন কি কি নিয়ম মেনে চলতে হবে, সমাজে নানা প্রচলিত কুসংস্কার ও ভুল ধারণা–সম্পর্কে তাদের সচেতন করা হয়।
৩ জুলাই (রবিবার) রাঙামাটি জেলার বরকল উপজেলার রুপবান গ্রামে অনুষ্ঠিত আন্তর্জাতিক মাসিক স্বাস্থ্য সুরক্ষা দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবন ইয়ুথ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সাজিদ-বিন-জাহিদ (মিকি), অপরাজিতার সভাপতি সাইদা জান্নাত।
সাজিদ বলেন, 'পিরিয়ড সম্পর্কে সঠিক তথ্য না জানা, পিরিয়ড সম্পর্কে বিভিন্ন কুসংস্কার এবং পিরিয়ড-কালীন সময়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টি নিশ্চিত না হওয়ায় পিরিয়ড-কালীন নানা জটিলতার মুখোমুখি হতে হয় মেয়েদের। পাহাড়ি জনপদে দুর্গম রাস্তা ও নাগরিক সুবিধার অপ্রতুলতার কারণে অনেকে বাধ্য হয়েই মাসিকের সময় নোংরা অস্বাস্থ্যকর জীবনযাত্রার দিকে ঝুঁকেন।
সহযোগী সংগঠন অপরাজিতার সহ-সভাপতি তাহমিনা ইয়াছমিন বলেন, লাইটশোর 'ইতোমধ্যে পটুয়াখালী, দিনাজপুর, কক্সবাজার, খুলনা, ময়মনসিংহ, ও তেতুলিয়া মিলিয়ে বাংলাদেশ এর ৭ টি জেলায় প্রত্যন্ত অঞ্চলের অন্তত ৯০০ জনের বেশি নারী- এবং শিক্ষার্থী অংশগ্রহণ করেন দেশব্যাপী। এসব ইভেন্টে সার্বিক সহায়তা করে সেনোরা এবং তারা অন্তত ৯০০ টির বেশি ফ্রি স্যানোরা প্যাড সরবরাহ করে উপস্থিত কিশোরীদের মধ্যে মাসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে।
এছাড়াও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় নোংরা ও পুরোনো কাপড়ের পরিবর্তে সহজলভ্য ন্যাপকিন বা প্যাড সরবরাহ বাড়াতে বেসরকারি সংগঠনের পাশাপাশি সরকারকেও এগিয়ে আসার জন্য। ইভেন্টে মিডিয়া পার্টনার হিসেবে সার্বক্ষণিক সহযোগিতা করে দৈনিক ইত্তেফাক এবং রেডিও ক্যাপিটাল এছাড়া মাঠ পর্যায়ে বাস্তবায়ন সহযোগী ছিল স্বেচ্ছাসেবী সংগঠন অপরাজিতা।
