লোডশেডিং। বিদ্যুৎ কতক্ষণ থাকে, তা আর কেউ হিসাব করছেন না। বিদ্যুৎ থাকছে অল্প সময়, চলে যাচ্ছে বারবার। আর এই যাওয়া-আসার খেলায় অতিষ্ঠ মানুষ। খরতাপ ও ভ্যাপসা গরমে কষ্টে আছেন এলাকাবাসী। তাই এ অবস্থায় গরম থেকে রক্ষা পেতে গাইবান্ধার সাঘাটাসহ আশপাশের এলাকায় হাতপাখার কদর বেড়ে গেছে।
বিক্রি বেড়ে গেছে, দেশীয় উপায়ে তৈরি এই হাতপাখার। উপজেলার বোনারপাড়ার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, দিনে বিদ্যুৎ কতবার যায় আর আসে, তার কোনো হিসাব নেই। বিদ্যুৎ চলে গেলে আসার নাম থাকে না বলে জানান, ছাটকালপানি এলাকার বাসিন্দা সোলায়মান আলী। এসব লোকজন জানান, কোনো উপায় না পেয়ে হাতপাখাই এখন তাদের ভরসা। হাতপাখা দিয়ে বাতাস করে কোনোমতে শরীর রক্ষা করছেন বলে জানান তারা। এদিকে হাটবাজারে হাতপাখা বিক্রি বেড়ে গেছে।
দোকানদাররা জানান, প্রতি দিন হাতপাখার চাহিদা বেড়ে যাচ্ছে। এছাড়া গ্রামে গৃহস্থরা এক সময় ফসল ঘরে তোলার ফাঁকে নিজেদের ব্যবহারের জন্য অলস সময়ে হাতপাখা তৈরি করতেন। আধুনিকতার ছোঁয়ায় ঘরে ঘরে বিদ্যুৎ থাকায় হাতপাখা তেমন আর তৈরি হয় না গ্রামে। লোডশেডিংয়ের কারণে আবার গ্রামের লোকজন নিজ হাতে শরীরে বাতাস করার জন্য এটি তৈরি করছেন।
