লালমনিরহাটের আদিতমারীতে বিদ্যুতের তারে জড়িয়ে ইয়াছিন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত ইয়াছিন উপজেলার মহিষখোচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া গ্রামের আতিকের ছেলে। এ ঘটনায় আরও ৫ জন পথচারী আহত হয়েছেন।
সোমবার দুপুরে উপজেলার মহিষখোচা ইউনিয়নের দক্ষিণবালাপাড়া আমেরতাল নামক স্থানে ঘটেছে। এ ঘটনায় আহতরা হলো, আজাহার আলীর মেয়ে কুলছুম (৮), আব্দুর রশিদের ছেলে ওমর ফারুক (১২), আজিজুলের ছেলে আরিফুল (১৬), আমিনুলের ছেলে রাজিব হোসেন ও আনছার আলীর স্ত্রী নুরজাহান (৫৫)। আহতদের অবস্থা গুরুতর। তাদের লালমনিরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, উপজেলার মহিষখোচা ইউনিয়নের দক্ষিণবালাপাড়া গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগের কাজ করছে পল্লীবিদ্যুতের ঠিকাদারের লোকজন। কয়েকদিন যাবৎ তার টানার কাজ চলছে। সোমবার আকস্মিকভাবে একটি অবৈধ সংযোগের তার মাটিতে বিছানো তারের ওপর পড়ে জড়িয়ে যায়। মুহূর্তে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যায় সেখানকার লোকজন।
আহত অবস্থায় পথশিশু ইয়াছিনকে আদিতমারী হাসপাতালে নেওয়া হচ্ছিলো। পথে তার মৃত্যু ঘটে। বাকিদের গুরুতর আহত অবস্থায় লালমনিরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন: রাষ্ট্রপতির হাত থেকে সন্তানের পদক নেওয়া দেখা হলো না দিনমজুর পিতার
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অবৈধ সংযোগ থেকে এ ঘটনা ঘটেছে। অবৈধ সংযোগকারীকে খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।
ইত্তেফাক/নূহু
