দশমিনা উপজেলার চর বোরহান ইউনিয়নে বেড়িবাঁধ না থাকায় একটু জোয়ারের পানিতে রাস্তাঘাট ও ফসলি জমি পানিতে নিমজ্জিত থাকে। ১২ মাসই চরাঞ্চলের মানুষ থাকে পানিবন্দি। এতে ফসল নষ্টসহ যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, মুজিব বর্ষ উপলক্ষে চর বোরহান ইউনিয়নে ভূমিহীনদের মধ্যে গত অর্থবছরে ১২ পরিবারের মধ্যে উপহারের ঘর প্রদান করা হয়েছে। ঐ ১২ ঘরের চারপাশে জোয়ারের পানিতে থইথই করছে। পরিবারের লোকজন ঘরবন্দি হয়ে পড়েছে। এছাড়াও ঐ চরে বেড়িবাঁধ না থাকায় রাস্তাঘাট ও কৃষকের ফসলসহ সবকিছু পানিতে নিমজ্জিত রয়েছে।
ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, এ ইউনিয়নের চারপাশে বেড়িবাঁধ না থাকায় তাদের ১২ মাসই পানিবন্দি থাকতে হয়। টিউবওয়েল না থাকায় খাবার পানিরও তীব্র সংকট রয়েছে। পানীয় জলের জন্য প্রায় অর্ধ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়।
চর বোরহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজির আহম্মেদ সরদার বলেন, এ ইউনিয়নের সাইড বেড়িবাঁধ তৈরির জন্য মন্ত্রণালয় পর্যন্ত অনেক দৌড়ঝাঁপ করেছি কিন্তু কোনো লাভ হয়নি। সাইড বেড়িবাঁধ না হলে আমাদের চরবাসীকে ১২ মাসই পানিবন্দি থাকতে হবে। এই চরের সাইড বেড়িবাঁধ দ্রুত নির্মাণ করা জরুরি।
