জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। আগামী ৩১ জুলাই ভর্তি পরীক্ষা শুরু হয়ে ১১ আগস্ট পর্যন্ত চলবে।
মঙ্গলবার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সচিব আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
ভর্তি পরীক্ষার সূচি অনুযায়ী, আগামী ৩১ জুলাই (রবিবার) কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউট অন্তর্ভুক্ত ‘সি ইউনিট’র ভর্তি পরীক্ষা হবে।
সমাজ বিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ অন্তর্ভুক্ত ‘বি ইউনিট’র পরীক্ষা হবে আগামী ১ আগস্ট (সোমবার)। গাণিতিক ও পদার্থ বিজ্ঞান অনুষদ এবং ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজি আওতাভুক্ত ‘এ ইউনিট’র পরীক্ষা হবে আগামী ২ এবং ৩ আগস্ট (মঙ্গল ও বুধবার)। জীব বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি ইউনিট’র পরীক্ষা হবে আগামী ৩ ও ৪ আগস্ট (বুধবার ও বৃহস্পতিবার)। বিজনেস স্টাডিজ অনুষদ ও ইন্সটিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন আইবিএ-জেইউ অন্তর্ভুক্ত ‘ই ইউনিট’র পরীক্ষা হবে আগামী ৪ আগস্ট (বৃহস্পতিবার)।
এ ছাড়াও, আগামী ৮, ১০ এবং ১১ আগস্ট (সোমবার, বুধবার এবং বৃহস্পতিবার) নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা হবে।
এবার ‘বি ও সি ইউনিট’র পরীক্ষা সকাল ৯টা থেকে বিকাল ৪টা ১৫ মিনিট পর্যন্ত মোট ৫ শিফটে হবে। ‘এ ইউনিট’র পরীক্ষা প্রথম দিন সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৬ টা ৪০ মিনিট পর্যন্ত ৬ শিফটে এবং পরের দিন ৯টা থেকে ১০টা পর্যন্ত ১ শিফটে হবে। ‘ডি ইউনিট’র পরীক্ষা প্রথম দিন সকাল ১০টা ২৫ থেকে শুরু হয়ে ৬টা ৪০ পর্যন্ত ৫ শিফটে এবং পরের দিন সকাল ৯টা থেকে শুরু হয়ে ১২টা ৫০ মিনিট পর্যন্ত ৩ শিফটে হবে।
এ ছাড়া ‘ই ইউনিট’র পরীক্ষা দুপুর ১টা ৫০ থেকে শুরু হয়ে ৪টা ১৫ পর্যন্ত ২ শিফটে হবে। এ ছাড়াও, ‘সি ইউনিট’ অর্ন্তভূক্ত নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষার জন্য ৩ থেকে ৬ আগস্টের ভেতর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে।
