বাউফলের নাজিরপুর ইউপির উপনির্বাচনে চশমা প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এসএম মহাসিনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৯ জুলাই) সকালে তাকে পটুয়াখালী আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।
গত ৮ জুলাই নৌকা ও চশমা মার্কার কর্মী সমর্থকদের মধ্যে নির্বাচনী সহিংসতায় আমিন মৃধা (৭০) নামের এক নৌকার কর্মী আহত হন। বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৮ জুলাই) রাত ৮টায় তিনি মারা যান। এরপর পুলিশ ওই দিন রাত ৯টার দিকে চশমা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এসএম মহাসিনকে তার বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
বাউফল থানার ওসি আল মামুন বলেন, প্রাথমিক তদন্তে ওই সহিংসতার পিছনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এসএম মহাসিনের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, আগামী ২৭ জুলাই নাজিরপুর তাঁতের কাঠি ইউনিয়ন পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নৌকার প্রার্থী ইব্রাহিম ফারুক ছাড়াও এ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছে। এর মধ্যে অন্যতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এসএম মহাসিনকে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মহাসিন ওই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নৌকার বিদ্রোহী প্রার্থী হিসাবে চশমা মার্কা নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধীতা করায় ১১ জুলাই তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
