বগুড়ার আদমদীঘিতে মরিচের ভালো ফলন হয়েছে। সেই সঙ্গে বাজারে দাম ভালো থাকায় খুশি কৃষকরা। মরিচ আবাদ লাভজনক হওয়ায় উপজেলায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে মরিচ চাষ। বর্তমানে স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় মরিচ সরবরাহ করা হচ্ছে।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা এসে এখানকার কাঁচা মরিচ কিনে নিয়ে যাচ্ছেন। সপ্তাহের শনি ও মঙ্গলবার আদমদীঘিতে ভোর থেকে মরিচের পাইকারি কেনাবেচা হয়। সম্প্রতি পাইকারি বাজারে ১১০-১২০ টাকা কেজি দরে কাঁচা মরিচ কেনাবেচা হয়েছে।
জানা যায়, চলতি মৌসুমে মরিচের গাছগুলোতে পোকা বা ছত্রাক আক্রমণ করতে পারেনি। তাই মরিচের ফলন ভালো হয়েছে।
কৃষক নূর ইসলাম, বুলু ও মোয়াজ্জেমসহ বেশ কয়েক জন জানান, বিঘাপ্রতি মরিচ চাষে প্রায় ২০-২৫ হাজার টাকা খরচ হয়। বর্তমানে মরিচের ফলন ভালো হয়েছে এবং বাজারেও দাম ভালো পাওয়া যাচ্ছে। এতে প্রতি বিঘায় লক্ষাধিক টাকা লাভ হবে।
আদমদীঘি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী জানান, উপজেলায় এ বছর ৩০ হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে। মরিচের ফলন ও বাজারে দাম ভালো পাওয়ায় কৃষকরা লাভবান হচ্ছেন। মরিচ চাষে কৃষি অফিস থেকে কৃষকদের সার্বিক পরামর্শ দেওয়া হচ্ছে।
