গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে আইনশৃঙ্গলা বাহিনীর সঙ্গে পাবিপ্রবি প্রশাসনের সভা 

আপডেট : ২৫ জুলাই ২০২২, ১৮:৫১

আগামী ৩০ জুলাই থেকে গুচ্ছ পদ্ধতিতে শুরু হবে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের পরীক্ষা। এ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সভা করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রশাসন। সোমবার (২৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন। 

সভায় গুচ্ছ ভর্তি পরীক্ষার তথ্যগত বিষয় নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, ২০২১-২০২২ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষায় পাবনার কেন্দ্রসমূহে তিনটি ইউনিটে মোট ১৭,৪৩৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। এর মধ্যে এ (বিজ্ঞান) ইউনিটে পাবিপ্রবি কেন্দ্র ছাড়াও আরও ১০টি কেন্দ্রে মোট ১০,৭৮৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। ৩০ জুলাই দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত এ (বিজ্ঞান) ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ১৩ আগস্ট পাবিপ্রবি কেন্দ্র সহ ৪টি কেন্দ্রে ৫,৩৪৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। সর্বশেষ সি (বাণিজ্য) ইউনিটের পরীক্ষা ২০ আগস্ট অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় শুধুমাত্র পাবিপ্রবি কেন্দ্রে ১,৩১০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।

আইনশৃঙ্খলা ও পাবনাবাসীকে উদ্দেশ্য করে উপাচার্য বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরীক্ষার দিন বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক কাজ বন্ধ থাকবে। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ব্যতীত কেউ কোন কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। যেহেতু অনেক মানুষের সমাগম হবে তাই আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সহযোগিতা দরকার। পাশাপাশি পাবনাবাসীরও সহযোগিতা প্রত্যাশা করছি।

সভায় ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহবায়ক ও উপ উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান বলেন, ভর্তি পরীক্ষা জাতীয় ইস্যু। সকলের সহযোগিতায় সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে হবে।

পুলিশের প্রস্তুতি এবং সহাযোগিতার বিষয়ে পাবনা জেলা পুলিশের প্রতিনিধি বলেন, পরীক্ষার্থী ও অভিভাবক মিলে প্রায় ৩০,০০০(ত্রিশ) মানুষের সমাগম ঘটবে। মানুষের হয়রানি কমানোর জন্য ট্রাফিক সিস্টেমকে জোরালো করা হবে। বিভিন্ন চেক পয়েন্টে তল্লাশী করা হবে। ৬টি মোবাইল টিম সার্বক্ষণিক কাজ করবে। কেউ যাতে অসদুপায় অবলম্বন করতে না পারে সেজন্য আগের দিন থেকে শহরের সকল ফটোস্ট্যাট মেশিন বন্ধ করে দেওয়া হবে। আইনশৃঙ্খলা বাহিনীর সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। প্রত্যেক কেন্দ্রে পুলিশ থাকবে।

গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে র‌্যাবের পক্ষ থেকেও সর্বাত্মক সহযোগিতা করা হবে থাকবে হবে বলে জানিয়েছেন র‍্যাবের প্রতিনিধি।

সরকারের বিশেষ বাহিনীর প্রতিনিধি বলেন, সরকারের বিভিন্ন সংস্থাগুলি ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছেন। গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। কোনোরকম বিশৃঙ্খলা করার চেষ্টা করতে দেওয়া হবেনা। ডিজিটাল সিকিউরিটি বাড়ানো হবে। কোনো কেন্দ্রে বহিরাগতদের ঢুকতে দেওয়া হবেনা। সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিং করা হবে।

উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের প্রতিনিধি, রেজিস্ট্রার (চলতি দায়িত্ব), প্রক্টর, পরীক্ষা কমিটির সদস্য সচিবসহ বিভিন্ন কর্মকর্তা। উল্লেখ্য, সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জিএসটি) ভর্তি পরীক্ষা এবছর দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ইত্তেফাক/এআই