রাজ্যসভা থেকে ১৯ সংসদ সদস্য বরখাস্ত

আপডেট : ২৬ জুলাই ২০২২, ১৯:৫২

মূল্যস্ফীতি নিয়ে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করা সময় ‘উশৃঙ্খল আচরণের’ জন্য সংসদের ১৯ জন বিরোধীদলীয় সদস্যকে (এমপি) ভারতের রাজ্যসভা থেকে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) তাদের বিরুদ্ধে এ স্থগিতাদেশ দেওয়া হয়।

মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের (টিএমসি) ৭ জনসহ ১৯ জন বরখাস্ত রাজ্যসভার সংসদ সদস্যকে সংসদের বর্ষাকালীন অধিবেশনে যোগদানের বিষয়ে এক সপ্তাহের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ক্ষমতাসীন বিজেপির পীযূষ গয়াল বলেন, রাজ্যসভা থেকে বিরোধী সংসদ সদস্যদের বরখাস্ত করার সিদ্ধান্ত ভারাক্রান্ত হৃদয়ে নেওয়া হয়েছিল। তারা স্পিকারের আবেদন উপেক্ষা করে চলেছিল।

বরখাস্ত হওয়ার পর তৃণমূল কংগ্রেস নেতা ডেরেক ও’ব্রায়েন সংবাদ মাধ্যমকে বলেন, এই সরকার গণতন্ত্রকে বরখাস্ত করেছে। সাময়িক বরখাস্ত সংসদ সদস্যরা বিরোধী সংসদ সদস্যদের বিরুদ্ধে গৃহীত পদক্ষেপের প্রতিবাদ অব্যাহত রাখায় সংসদ এক ঘণ্টার জন্য মুলতবি করা হয়।

বিগত কয়েক বছরের মধ্যে এই প্রথম এত সংসদ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো। ২০১৯ সালের জানুয়ারিতে, তৎকালীন লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন টিডিপি এবং এআইএডিএমকে-এর ৪৫ জন সদস্যকে কর্মসূচি ব্যাহত করার জন্য বরখাস্ত করেছিলেন।

ইত্তেফাক/জেডএইচডি