চট্টগ্রামে হালদা এখন মাছের প্রজননের জন্য নিরাপদ নয়

আপডেট : ২৭ জুলাই ২০২২, ০৬:০৩

দিন দিন অনিরাপদ হয়ে উঠছে চট্টগ্রামের হালদা নদী। দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে গত দুদিন পরপর ভেসে উঠেছে দুটি কাতলা মাছ। এর আগে গত দুই বছরে বিভিন্ন সময়ের ব্যবধানে সর্বমোট ৩৮টি মৃত ডলফিন এই নদী থেকে উদ্ধার করা হয়েছে। হালদায় দূষণ বিস্তার, নাকি অবৈধ মাছ শিকারি ও বালু উত্তোলনকারীদের রাতের অন্ধকারে বেপরোয়া তৎপরতার কারণে এসব মাছ এভাবে বেঘোরে প্রাণ হারাচ্ছে—এ বিষয়ে এখনো নিশ্চিত হয়ে উঠতে পারেননি হালদা বিশেষজ্ঞরা।

এই নদীকে সরকার প্রাকৃতিক মাছ প্রজননের উৎকর্ষের কারণে ইতিমধ্যে বঙ্গবন্ধু হ্যারিটেজ হিসেবেও ঘোষণা দিয়েছে। এমনকি নদীটি রক্ষণাবেক্ষণে এবং মাছের নিরাপত্তায় হাটহাজারী উপজেলা প্রশাসন ও নৌপুলিশ সার্বক্ষণিকভাবে নদীর বিভিন্ন পয়েন্টে নজরদারি অভিযান অব্যাহত রাখলেও মাছের এরকম মৃত্যু কেন ঠেকানো যাচ্ছে না—এ নিয়ে বিশেষজ্ঞ মহলে ব্যাপক প্রশ্নের সৃষ্টি হয়েছে।

হালদা নদীতে এক দিনের ব্যবধানে দুটি মাছের মৃত্যুতে বিশেষজ্ঞদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা। উদ্ধারকৃত একটি মাছের ওজন ৯ কেজি ১০০ গ্রাম এবং অন্যটির ওজন ১২ কেজি ২৬০ গ্রাম। এই বিশালাকৃতির কার্প জাতীয় মা-কাতলা মাছ বাংলাদেশের অন্য কোনো নদী ও জলাশয়ে বিরল। বিশেষজ্ঞরা বলছেন, এই নদীর ডলফিন ও কার্প জাতীয় বিশেষ প্রজাতির মাছগুলোর জীবনের নিরাপত্তা এখনই গ্রহণ করা উচিত। একেকটি মাছের মৃত্যু দেশের অর্থনীতিতে বিরাট ক্ষতির কারণ বলেও তারা উল্লেখ করেন।

গতকাল মঙ্গলবার সকালে নদীর গড়দুয়ারার নয়াহাট পয়েন্ট থেকে একটি মৃত কাতলা মাছ উদ্ধার করা হয়। যার দৈর্ঘ্য ৩ ফুট ২ ইঞ্চি এবং উচ্চতা ১ ফুট। মাছটির ওজন ১২ কেজি ২৬০ গ্রাম। এছাড়া গত সোমবার সকালে হালদা নদীর কাগতিয়া স্লুইসগেট এলাকায় প্রায় ৯ কেজি ১০০ গ্রাম ওজনের একটি কাতলা মাছ মৃত অবস্থায় উদ্ধার করা হয়। মাছটির দৈর্ঘ্য ২ ফুট ১০ ইঞ্চি এবং উচ্চতা ১০ ইঞ্চি।

এদিকে হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিচার্স ল্যাবরেটরির কো-অর্ডিনেটর ড. অধ্যাপক মনজুরুল কিবরিয়া ইত্তেফাককে বলেন, দেশে এখন মৎস্য পক্ষ-২০২২ উদযাপিত হচ্ছে, এই মুহূর্তে হালদা নদী থেকে পরপর দুদিন দুটি মৃত মা-মাছ উদ্ধারের ঘটনা আমাদের সবার মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা সৃষ্টি করেছে। এই মাছগুলোর মৃত্যুর কারণ অনুসন্ধান করে দেখা হবে। নৌপুলিশ ও হাটহাজারী উপজেলা প্রশাসনের সার্বক্ষণিক নজরদারি সত্ত্বেও কেন হালদা নদীতে বারবার ডলফিন ও মাছ মরে ভেসে উঠছে তার কারণ বের করা এখন জরুরি হয়ে পড়েছে।

ইত্তেফাক/ইআ