শারীরিক গঠন, প্রতিদিনের জীবনযাপন, ডায়েট, ব্যায়াম— এ সবকিছুর উপর নির্ভর করে শরীরে মেদ কতটুকু কমবে বা বাড়বে। পুরুষ ও নারীর ক্ষেত্রে ওজন কমানোর নিয়ম একেবারেই আলাদা। দেহের কোন অংশ থেকে ওজন আগে কমবে, কতটা সময় লাগবে কিংবা কোন জায়গা থেকে চর্বি ঝরতে শুরু করবে, তাও নির্ভর করে ব্যক্তিটি পরুষ নাকি নারী।
ছেলেদের ক্ষেত্রে ওজন কমতে শুরু করে প্রথম শরীরের উপরের অংশ থেকে। আর মেয়েদের কোমর থেকে। অর্থাৎ, কোনো পুরুষ আগেই পেটের মেদ ঝরাতে চাইলেও তা হয়তো হবে না। ওজন ও মেদ, দুটাই কমবে নিজ নিয়মে। পেটের ব্যায়াম যতই করুন না কেন, মেদ ঝরতে সময় লাগবে। মূলত এসব কারণেই ব্যক্তি বিশেষে ব্যায়াম ও ডায়েট ভিন্ন ভিন্ন হয়।
আবার অনেক গবেষক বলেছেন, সব সময়ে এমনটা নাও হতে পারে। ওজন কমানোর ক্ষেত্রে সবটা নিজের হাতে থাকে না। শারীরিক গঠনই মূল বিষয়। মেয়েদের শরীরের গঠন এক প্রকার। ছেলেদেরটা অন্য রকম। সব পুরুষেরও আবার শরীরের গঠন এক নয়। তাই প্রত্যেক পুরুষেরও ওজন ঝরার নিয়ম একই হবে না। সে কারণেই ব্যক্তি বিশেষে ব্যায়াম ও ডায়েটের নিয়মও আলাদা হয় সব ক্ষেত্রেই। এক জনের যা প্রয়োজন, অন্য জনের শরীরে তা হয়তো একেবারেই প্রয়োজন হয় না। এজন্য যদি নিয়মিত ব্যায়াম করারর পরও ওজন না কমে, তাহলে ফিটনেস বিশেষজ্ঞের পরামর্শ নিবেন।
