বাগদাদ-এ বাংলাদেশ দূতাবাসের বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আপডেট : ২৮ জুলাই ২০২২, ০২:৫৮

ইরাকের রাজধানী বাগদাদে বাংলাদেশ দূতাবাস ইরাকি কন্ট্রাকটারস ফেডারেশন এর সেমিনার হলে একটি বিজনেস সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অর্থনৈতিক কূটনীতি সপ্তাহ পালনের অংশ হিসেবে গত মঙ্গলবার (২৬ জুলাই) এ সেমিনার অনুষ্ঠিত হয়। ইরাকে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইরাকের বাণিজ্য মন্ত্রণালয়ের বৈদেশিক অর্থনীতি সম্পর্ক বিভাগের মহাপরিচালক আদেল মাসুদি। এছাড়া ইরাকি কন্ট্রাকটার্স ফেডারেশনের প্রেসিডেন্ট,  ইরাকি চেম্বারর্স অব ইন্ডাস্ট্রিজ এর সভাপতি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । পাশাপাশি ইরাকের বিভিন্ন সেক্টরের ব্যবসায়ী নেতৃবৃন্দ, শিল্পপ্রতিষ্ঠানের মালিক ও উদ্যোক্তাগণ এবং গণমাধ্যম কর্মীসহ প্রায় ৮০ জন উপস্থিত ছিলেন । রাষ্ট্রদূত মো. ফজলুল বারী সেমিনারে উদ্বোধনী ও সমাপনী বক্তব্য দেন। এছাড়াও সেমিনারে বক্তব্য রাখেন ইরাকি কন্ট্রাকটার্স ফেডারেশনের প্রেসিডেন্ট, ইরাকের বিভিন্ন সেক্টরের ব্যবসায়ী নেতৃবৃন্দ। 

সমাপনী বক্তব্যে রাষ্ট্রদূত বলেন,  বাংলাদেশ ও ইরাকের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি এ বছর। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছর পেরিয়ে গেলেও দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দৃশ্যত আশাব্যঞ্জক নয় । তবে করোনা পরবর্তীতে গত এক বছর দ্বি-পক্ষীয় বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি পেয়েছে । ব্যবসায়ীদের মধ্যে নতুনভাবে আগ্রহ সৃষ্টি হয়েছে । বিশেষকরে ইরাকে বাংলাদেশী তৈরি পোশাক ও ওষুধের কদর বেড়েছে । রাষ্ট্রদূত ইরাকের আগ্রহী ব্যবসায়ীদের বাংলাদেশ ভ্রমণ করতে দ্রুত সময়ে ভিসা প্রদান ও বাংলাদেশে ব্যবসায়ীদের সাথে সম্পর্ক স্থাপনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন । প্রধান অতিথি ইরাকে বাংলাদেশী পণ্যের মেলা আয়োজনের আহবান করেন এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সফর ও বিনিয়োগের উপর গুরুত্বারোপ করেন । 

অনুষ্ঠানে বাংলাদেশ একটি বাণিজ্য ও বিনিয়োগ বান্ধব উপযুক্ত স্থান শীর্ষক প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। তাতে বাংলাদেশের গতিশীল বাণিজ্যিক খাতসমূহ, পণ্য সামগ্রী, বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগনীতি ও সুবিধা, সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রসমূহ এবং বাংলাদেশ ও ইরাকের দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্কের তুলনামূলক বিশ্লেষণ করা হয়। উপস্থিত অংশগ্রহণকারী ব্যবসায়ী নেতারা উন্মুক্ত আলোচনায় অংশ নেন এবং বাংলাদেশে ব্যবসার আগ্রহ প্রকাশ করেন ও নানা বিষয়ে জানতে চান । বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক সেমিনারের আয়োজন করায় বাংলাদেশ দূতাবাসকে ধন্যবাদ জ্ঞাপন করে অতিথিগণ নিয়মিত সেক্টরভিত্তিক সেমিনার আয়োজনের অনুরোধ করেন । সেমিনার শেষে উপস্থিত অতিথিদের আপ্যায়ন ও বাংলাদেশী তৈরি পণ্যসামগ্রী উপহার দেয়া হয় । 

ইত্তেফাক/ইআ