সীতাকুণ্ডে সংরক্ষিত বনায়ন ধ্বংস করে শিপ ইয়ার্ড নির্মাণ বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী ও জেলে সম্প্রদায়। শুক্রবার দুপুর ১২টায় ভাটিয়ারী উইনিয়ন পরিষদে সংবাদ সম্মেলনে লিখিত দেন ইউপি চেয়ারম্যান মো. নাজীম উদ্দিন।
এ সময় তিনি বলেন, এলাকার তুলাতুলি মৌজাকে আরেক ইউনিয়নের সলিমপুর মৌজা দেখিয়ে একটি শিপইয়ার্ড নির্মাণ করার জন্য এমএ রাজা কাশেম প্রকাশ রাজা কাশেম সংরক্ষিত বনায়ন ধ্বংস করে উক্ত জায়গা দখলের চেষ্টা করে আসছে। এই শিপ ইয়ার্ড নির্মাণ হলে উপকূলীয় বন ধ্বংস হয়ে আমার এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জীবন ঝুঁকিতে পড়বে এবং জেলে সম্প্রদায়ের লোকেরা নদীতে মাছ ধরতে যেতে পারবে না। ইতিপূর্বে তারা দখল করতে চাইলে আমার এলাকার লোকজন বাধা দিলে তার সন্ত্রাসী বাহিনী তাদের মারধর করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আমার এলাকার জেলেদের রক্ষা করে পুলিশ। পরে এই উত্তেজনায় আমরা একটি সীমানা নির্ধারণের জন্য তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার তারিকুল আলমের কাছে আবেদন করি।তিনি তৎকালীন এসিল্যান্ড কামরুজ্জামানকে দিয়ে সার্ভেয়ারের মাধ্যমে আমাদের ভাটিয়ারী তুলাতুলি মৌজা নির্ধারণ করে দিলেও এসিল্যান্ড এবং ইউএনও অদৃশ্য ইশারায় বদলী হয়ে যায়। তবে আমাদের সীমানা নির্ধারণের প্রতিবেদনের একটি কপি আমরা পাই।কিন্তু দুঃখের বিষয়, আবার রাজা কাশেম বনায়ন ধ্বংস করার জন্য জায়গাটি দখল করার চেষ্টা করলে আমারা বাধা দেই। সুতরাং ঊর্ধ্বতন মন্ত্রণালয়ের কাছে আমাদের আবেদন এই রাঘব বোয়াল রাজার হাত থেকে বনায়ন ধ্বংস করা, জেলে সম্প্রদায়সহ এলাকাবাসীকে ভোগান্তি থেকে রক্ষা করার জন্য আবেদন জানাই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইউপি মেম্বার মঈন উদ্দিন, মো. আলমগীর, জেলে সম্প্রদায়ের সুধীর সর্দার, মিলন সর্দার, শম্ভ সর্দার, রুবেল সর্দার, দুলাল সর্দার ও দিলপি সর্দার প্রমুখ।
ইত্তেফাক/বিএএফ
