বেনাপোলে পণ্য খালাসে নতুন নির্দেশনা, বেড়েছে আমদানি

আপডেট : ১১ জুন ২০১৯, ১৯:২৬

রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে বেনাপোল কাস্টমস হাউস থেকে দ্রুত পণ্য খালাসে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। এতে বেড়েছে আমদানি বাণিজ্য। তবে এখনও রাজস্ব ঘাটতি এক হাজার চারশ ১৫ কোটি টাকা।

কাস্টমস কমিশনার মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরীর জারি করা নির্দেশনায় জানা যায়, দিনের রাজস্ব দিনে আদায় করতে এবং ব্যবসায়ীদের ইচ্ছাকৃত হয়রানির ব্যাপারে সতর্ক করা হয়েছে। ভারত ও বাংলাদেশ যৌথভাবে আমাদনি-রফতানি বাণিজ্য দ্রুত করতে তদারকি কাজ শুরু করেছে। উচ্চ শুল্কের পণ্য পরীক্ষণ ও এসেসমেন্ট কার্যক্রম দ্রুত করতে লোকবল বাড়ানো হয়েছে। ভারত থেকে আমদানি করা পণ্য দ্রুত স্ক্যানিং করে পরীক্ষণ কাজ শেষে ট্রাক টু ট্রাক খালাসের অনুমতিও দেওয়া হয়েছে। 

দ্রুত রাজস্ব আদায়ে এ ধরনের উদ্যোগ গ্রহণ করায় গত দুই দিনে বেনাপোল বন্দর দিয়ে বেড়েছে আমদানি। রবিবার আমদানি হয়ে ৪৮৭ ট্রাক মালামাল বন্দরে এসেছে। যার পরিমাণ পূর্বে ছিল ৩৮০ ট্রাক। রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ১২ কোটি টাকা। সোমবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ৪২০ ট্রাক মালামাল আমদানি হয়েছে। যার বিপরীতে বিকেল ৫টা পর্যন্ত ১০ কোটি  টাকার রাজস্ব আদায় হয়েছে। 

ব্যবসায়ী সংগঠন গুলোর অভিযোগ, বেনাপোলের পাশের ভোমরা বন্দরে সব ধরনের পণ্য আমদানির অনুমতি দেওয়ায় সুযোগ সন্ধানী ব্যবসায়ীরা ওই বন্দরে  চলে গেছেন। 

বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, বেনাপোল কাস্টম হাউজের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণের জন্য কাস্টমস কর্তৃপক্ষ আইনি পরিবর্তন এনেছে। বন্দর থেকে উচ্চ শুল্কের পণ্য দ্রুত খালাস করতে ব্যবসায়ীদের আহ্বান জানানো হয়েছে। সে লক্ষ্যে ব্যবসায়ীরা কাজ করে যাচ্ছেন।  

আরও পড়ুন: কিশোরগঞ্জে ভিজিএফের চাল পায়নি ৯ হাজার কার্ডধারী

বেনাপোল কাস্টমস কমিশনার মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরী  জানান, ভারত ও বাংলাদেশে জাতীয় নির্বাচন ও ঈদের ছুটির কারণে বেনাপোলে রাজস্ব আদায় কম হয়েছে। তবে জুন মাসের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণ করতে সব ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। 

ভারতীয় কাস্টম কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সকাল আটটা থেকে রাত ১২টা পর্যন্ত আমদানি বাণিজ্য শুরু করা হয়েছে। দিনের রাজস্ব দিনে আদায়ের জন্য পণ্য দ্রুত খালাসের নির্দেশনা দেওয়া হয়েছে।

ইত্তেফাক/অনি