নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশন চালু হয়েছে। এলাকার মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে চালু হয়েছে এই সেবা। এর আগে সিজারিয়ান প্রয়োজন হলে প্রসূতি নারীদের বিভিন্ন বেসরকারি হাসপাতালে নিয়ে যেতে হতো। এতে অর্থব্যয়ের পাশাপাশি নানা ভোগান্তির সম্মুখীন হতে হতো তাদের।
রবিবার (১৪ আগস্ট) মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো সিজারিয়ান অপারেশন করা হয়। এতে মোহনগঞ্জ পৌর এলাকার মশিউর রহমানের স্ত্রী পলি চৌধুরী (৩২) এক নারী ছেলে সন্তানের জন্ম দেন। মা ও শিশু সুস্থ আছে বলে জানা গেছে।
সিজারিয়ান অপারেশনে প্রধান সার্জন হিসেবে অংশ নেন উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদা খাতুন। তাকে সহযোগিতা করেন সহকারী সার্জন ডা. সাবিহা সিফাত, অ্যানেস্থেসিস্ট ডা. ফয়জুল আলম, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শাহরিয়ার জাহান ওসমানী, সিনিয়র স্টাফ নার্স শিল্পী রাণী কর সহ অন্যান্য কর্মীরা।
