'সি' ইউনিটের ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ৯৩ জন 

আপডেট : ২১ আগস্ট ২০২২, ১৫:০৩

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে (২০২১-২২) শিক্ষাবর্ষের গুচ্ছপদ্ধতিতে 'সি' ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে সমাপ্ত হলো ২২টি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। শনিবার (২০ আগস্ট) দুপুর ১২টা থেকে ১ টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

'সি' ইউনিটের ভর্তি পরীক্ষায় ১ হাজার ৫ শত ০৫ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ৯৩ জন। পরীক্ষায় উপস্থিতির হার প্রায় ৯৪ শতাংশ। বিশ্ববিদ্যালয়ের কলা ভবন, বিজ্ঞান অনুষদ ভবনের মোট ২৫ টি কক্ষে সি-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষা শুরু হলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। এ সময় ভিজিল্যান্স উপ কমিটির সদস্য সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, কলা অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদুল বারী, শিক্ষক সমিতির সভাপতি ড. শেখ মো. সুজন আলী, সাধারণ সম্পাদক তুহিনুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হালিম, কর্মকর্তা পরিষদের সভাপতি মো. জোবায়ের হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করে উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় গুচ্ছভর্তি পরীক্ষা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীরা সুন্দর ও সুষ্ঠুভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। 

তিনি বলেন, প্রতিটি কক্ষে পরীক্ষার্থীদের উপস্থিতির মাত্রা ছিল লক্ষণীয়। তাদের এই উপস্থিতিই প্রমাণ করে যে লেখা পড়ার প্রতি ছাত্রসমাজের অনেক আগ্রহ। লেখাপড়া করে তারা তাদের ভবিষ্যৎকে গড়তে অত্যন্ত দৃঢ়প্রতিজ্ঞ। পরীক্ষায় পরীক্ষার্থীদের উপস্থিতি ও পরীক্ষা কার্যক্রম পরিচালনায় দায়িত্বপ্রাপ্তদের কাজ দেখে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা ও পরীক্ষা আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম নিয়ে উপস্থিত অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করেন। 

উল্লেখ্য, গুচ্ছপদ্ধতির এই ভর্তি পরীক্ষায় ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয় দেশব্যাপী একযোগে মোট ১৯ টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা গ্রহণ করে। প্রতিটি ইউনিটের ফলাফল জিএসটি গুচ্ছভুক্ত পরীক্ষার ওয়েবসাইট (www.gstadmission.ac.bd)-এ প্রকাশ করা হবে।

ইত্তেফাক/এআই