আনোয়ারায় বৃষ্টির পর স্বস্তিতে কৃষক

আপডেট : ২৮ আগস্ট ২০২২, ১০:৩০

প্রচণ্ড রোদ আর মাসখানেক মুষল ধারে বৃষ্টির দেখা নেই। চাষের জমি পানিশূন্যতায় ফেটে গেছে। এই অবস্থায় আমন চাষ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কৃষকরা। অবশেষে শনিবার ভোর রাত থেকে শুরু হয় মুষল ধারে বৃষ্টি। সেই সঙ্গে স্বস্তি ফিরে এসেছে আমন চাষিদের মধ্যে।

সরেজমিনে শনিবার উপজেলার বিভিন্ন জায়গায় ঘুরে দেখা যায়, পুরোদমে শুরু হয়েছে আমন চাষ। কাদা-পানিতে আমনের চারা রোপণ করছেন কৃষকরা। এমনভাবে কয়েক দিন বৃষ্টি অব্যাহত থাকলে আমন রোপণ শেষ হয়ে যাবে বলে জানান তারা।

উপজেলা কৃষি অধিদপ্তরের তথ্য মতে, উপজেলায় ৫ হাজার ৯৬৫ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 

হাইলধর ইউনিয়নের কৃষক মোক্তার হোসেন বলেন, এবার বৃষ্টি না হওয়ায় আমন চাষ নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলাম। এখন বৃষ্টি হওয়ায় মনে স্বস্তি ফিরে এসেছে। 

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী বলেন, বৃষ্টি না হওয়া নিয়ে আমন কৃষকদের মধ্যে একটু দুশ্চিন্তা ছিল। তবে এখন বৃষ্টি শুরু হওয়াতে তা কেটে গেছে। আর এমনিতেও দক্ষিণ চট্টগ্রামে সব মৌসুমেই চাষাবাদ কিছুটা দেরিতেই শুরু হয়। তাই চাষাবাদের একটু সুযোগ থাকলেই এখানকার কৃষকরা আমন রোপণ করবেই। 

ইত্তেফাক/এআই