সহকারী প্রক্টরকে অপদস্থ ও সাংবাদিকের উপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন

আপডেট : ৩০ আগস্ট ২০২২, ১৮:৫০

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরকে অপদস্থ এবং সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্ত কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। 

৩০ আগস্ট (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. সুকুমার সাহাকে আহ্বায়ক এবং সহকারী প্রক্টর ফিজিওলজি বিভাগের অধ্যাপক ড. আফরিনা মুস্তারিকে সদস্য সচিব করে ওই তদন্ত কমিটি গঠিত হয়েছে। এছাড়া কমিটিতে সদস্য হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা ও এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম এবং উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো মোক্তার হোসেন।

উল্লেখ্য, গত ২৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের র‌্যাগিংয়ের ঘটনা সমাধান করতে গিয়ে অবরুদ্ধের শিকার হয় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মো. রিজওয়ানুল হক। গত শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলে ছাত্রলীগের নেতাকর্মীরা এমন কাণ্ড ঘটায় । 

এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রথমে হেনস্তা ও পরে হামলার শিকার হয়েছেন ক্যাম্পাসের ৩ জন সাংবাদিক। হেনস্তার শিকার তিন সাংবাদিক হলেন ঢাকা পোস্টের বাকৃবি প্রতিনিধি মুসাদ্দিকুল ইসলাম তানভীর, দৈনিক খোলা কাগজ পত্রিকার বাকৃবি প্রতিনিধি ইফতে খারুল ইসলাম সৈকত এবং ক্যাম্পাস লাইভ ২৪ ডট কমের বাকৃবি প্রতিনিধি রায়হান আবিদ। ওই ঘটনায় দোষীদের বিচার চেয়ে গত রবিবার (২৮ আগস্ট)  প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিকরা।

ইত্তেফাক/এআই