প্রকাশিত হয়েছে অনলাইন মাধ্যমের জনপ্রিয় ইংরেজি শিক্ষক লিমন হাসানের লেখা বই ‘গ্রামালজি’। গত শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে বিশ্ব সাহিত্য কেন্দ্রে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
ভিন্নধর্মী এই বইটি প্রকাশ করেছে মাতৃভাষা প্রকাশ। প্রতিষ্ঠানটির স্বত্ত্বাধিকারী নেসার উদ্দিন আয়ূবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ। আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মুশতাক ইবনে আয়ূব। সহজবোধ্য করে নতুন পদ্ধতিতে ‘ইংলিশ গ্রামার’ শেখার বই লিখার জন্য লিমন হাসানের প্রশংসা করেন তারা।
অনুষ্ঠানে লিমন হাসানের ‘ইংলিশ বাজ’ ও নূরে জান্নাত মীমের ‘ওয়ান মিনিট ইংলিশ উইথ মিম’ নামের দু’টি প্রতিষ্ঠান মিলে ‘লিংগুয়াল একাডেমি’ নামে নতুন প্ল্যাটফর্ম গঠনের ঘোষণা দেওয়া হয়।
দু’টি পর্বে বিভক্ত অনুষ্ঠানটি সকাল ৯টায় শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলে। অনুষ্ঠান উপস্থাপনা করেন দেশসেরা স্বর্ণকিশোরী ও উপস্থাপক দীপ্তি চৌধুরী এবং বিতার্কিক ও উপস্থাপক সাকিব সিজান।
