রাশিয়ায় নিযুক্ত জাপানের একজন কূটনীতিককে সোমবার (২৬ সেপ্টেম্বর) প্রশান্ত মহাসাগরীয় বন্দরনগরী ভ্লাদিভোস্তক থেকে আটক করা হয়। রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার (এফএসবি) সদস্যরা তাকে আটক করেন। তার বিরুদ্ধে দেশটিতে গুপ্তচরবৃত্তির অভিযোগ করেছে মস্কো। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানায় যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, আটকের পরপরই ওই কূটনীতিককে রাশিয়া ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। কয়েক ঘণ্টা আটক রাখার পর মোতোকি তাতসুনোরি নামের ওই জাপানি কনসালকে ছেড়ে দেয় এফএসবি সদস্যরা।
অর্থনৈতিক পরিস্থিতির ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব সম্পর্কে গোপন তথ্য সংগ্রহের সময় হাতেনাতে ধরা পড়েন ওই জাপানি কূটনীতিক। এর পরিপ্রেক্ষিতে তাকে ‘পারসোনা নন গ্র্যাটা’ ঘোষণা করে দেশত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে টোকিওর কাছে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে পুতিন প্রশাসন।
এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে জাপান। পাল্টা ব্যবস্থা নেওয়ারও ইঙ্গিত দিয়েছে দেশটি। মঙ্গলবার এক ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে কথা বলেছেন জাপানের প্রধান মন্ত্রীপরিষদ সচিব হিরোকাজু মাতসুনো। তিনি জানান, বিষয়টি নিয়ে টোকিওর তরফ থেকে জোরালো প্রতিবাদ জানানো হয়েছে। জাপানের তরফ থেকে পাল্টা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার ইঙ্গিতও দেন তিনি।
