ঘর সাজাতে বই শিরোনাম দেখে ভাবার কারণ নেই বইকে শুধু সাজানোর আইটেম হিসেবেই দেখা হচ্ছে। যারা বই পড়তে ভালোবাসেন তারা বইকে ঘিরেই সব পরিকল্পনা করেন। সেক্ষেত্রে কোথায় বই রাখলে সহজে পাওয়া সম্ভব এবং কিভাবে সাজালে সুন্দর দেখায় তাও অন্তর্ভূক্ত। সে বিষয়েই রইলো আমাদের কিছু টিপস:
দেয়ালের তাঁক
দেয়ালে বইয়ের জন্য তাঁক বানিয়ে নেওয়া যেতে পারে। বুকশেলফ থেকে দেয়ালের তাঁকে বই রাখলে সুন্দর দেখায় বেশি। তাঁকের আকার-আকৃতিতে সৃজনশীলতার পরিচয় দিতে পারেন। দেয়ালকে ঘিরে পরিকল্পনা করলে তাঁকের মাধ্যমে আনতে পারেন বৈচিত্র্য।
পড়ার ঘরের আলো
পড়ার ঘরের সৌন্দর্য্য বাড়াতে পুরো ঘর আলোকিত করতে পারেন। এমনকি যেখানে বসে বই পড়বেন সেখানেও আলোর ব্যবস্থা করতে পারবেন। আজকাল বাজারে পড়ার জন্যে বিশেষ আলোকসজ্জা পাওয়া যায়। একই সঙ্গে সাউন্ড সিস্টেম দিয়ে মায়াময় পরিবেশ গড়ে নেওয়ার ব্যবস্থাও নেওয়া যেতে পারে। ঘরের কোনায় বই সাজালে পড়ার জায়গা করে নেওয়া সহজ হয়। পুরো ঘরের কাঠামো ও আয়তন মাথায় রেখে আপনি আপনার পরিকল্পনা সাজান।
আসবাবের সঙ্গে সমন্বয়
আপনার পুরো ঘরে যদি বই ছড়িয়ে ছিটিয়ে সাজাতে চান তাহলে আসবাবের সঙ্গে সমন্বয় করতে পারেন। আজকাল সোফা কিংবা চেয়ারে বই রাখার আলাদা জায়গা থাকে। শোবার ঘরে খাট কিংবা ছোট টেবিলেও সেই ব্যবস্থা রয়েছে। শুধু তাই নয়, আপনি চাইলে ছোট ছোট বুকশেলফ কিনে নিতে পারেন বিভিন্ন রুমের কোনায় সাজানোর জন্যে।
