দেশে গুমের ঘটনা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে : পররাষ্ট্রমন্ত্রী 

আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ০০:৪০

সরকার দেশে বিচারবহির্ভূত কোনো হত্যাকাণ্ড ঘটায় না। দেশে গুমের ঘটনা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, সরকার চায় না দেশে কেউ গুম হোক। বিচারবহির্ভূত হত্যার শিকার হোক।

শনিবার (৮ অক্টোবর) দুপুরে সিলেট সদর উপজেলার সাহেব বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সব দেশেই খুন-গুমের ঘটনা ঘটে, এর জন্য সরকার দায়ী না। বরং যারা খুন-গুমের ঘটনা ঘটায় তাদের শাস্তি দিতে সরকার সর্বদা সচেষ্ট থাকে। এ ধরণের কোনো ঘটনা ঘটলে শেখ হাসিনা সরকার দায়ীদের বিরুদ্ধে শক্ত হাতে ব্যবস্থা নেবে বলেও জানান মন্ত্রী।

তিনি বলেন, হঠাৎ কোনো একটা ঘটনা ঘটলে আমাদের মিডিয়া এটা নিয়ে হইচই শুরু করে। বিদেশে বিচারবহির্ভূত হত্যার ঘটনা অসংখ্য ঘটে। আমাদের মিডিয়া এটা নিয়ে সরব হয় না। বিদেশিদের কাছে যায় আমাদের নিজেদের সমস্যা বলতে। এটা ঠিক নয় বলে তিনি মন্তব্য করেন।



ইত্তেফাক/এনএ/ইআ