সন্ধান মিলেছে নরসিংদীতে কুড়িয়ে পাওয়া শিশুর মায়ের। নবজাতকের মায়ের নাম জুয়েনা আক্তার। তিনি মনোহরদী উপজেলার চন্দনবাড়ী গ্রামের সাইফুলের মেয়ে।
রোববার (১৩ নভেম্বর) রাস্তার পাশ থেকে কাগজে মোড়ানো একটি নবজাতক শিশু উদ্ধার করে পুলিশ। পরে নবজাতক শিশটিকে মনোহরদী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।
বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রচার হলে নবজাতকের মায়ের সন্ধান মেলে। মঙ্গলবার (১৫ নভেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, কুড়িয়ে পাওয়া নবজাতক শিশুটি তার মায়ের কোলে।
জুয়েনার স্বামী মোয়াজ্জেম মধ্যপ্রাচ্যের কাতার প্রবাসী। স্বামী গত আট মাস আগে কাতার চলে গেলে জুয়েনা চন্দনবাড়ী গ্রামে ভাড়া বাড়িতে বসবাস শুরু করেন।
জুয়েনা জানান, স্বামীর সঙ্গে তার ঝগড়া হওয়ার কারণে শিশুটি জন্ম নেওয়ার পর নবজাতক কন্যা শিশুটিকে গভীর রাতে মনোহরদী সরকারি কলেজের রাস্তায় পাশে ফেলে আসেন। পরদিন বিষয়টি আশে পাশের মানুষ টের পেলে জুয়েনা নিজেকে নবজাতকের মা দাবি করেন। পুলিশের মাধ্যমে শিশুটিকে তার নিজের কাছে ফিরিয়ে নেন।
জুয়েনার প্রবাসী স্বামী মোয়াজ্জেমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার স্ত্রী গর্ভবতী হওয়ায় মানুষের বাসায় কাজ করতে আমি নিষেধ করি। সে আমার কথা না মেনে ঝগড়া করে। এ জন্য আমার সন্তান ভূমিষ্ট হওয়ার পর সে তাকে রাস্তায় ফেলে আসে।
ভাড়া বাসার মালিক বলেন, জুয়েনা একাই তার সন্তান প্রসব করেছে। সবার আগোচরে সে তার নবজাতককে রাস্তায় ফেলে আসে।
