মিরসরাইয়ে উপজেলার ১২নং খৈইয়াছড়া ইউনিয়নের নয়দুয়ারে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিটের গ্রামের বাড়িতে হামলা ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে এই 'হামলা'র ঘটনা ঘটেছে বলে এলিট জানিয়েছেন। এলিট তার পরিবারের সদস্যদের সঙ্গে বাড়িতেই ছিলেন। তিনি জানান, ককটেল নিক্ষেপের সময় তিনি চেম্বার অব কমার্স থেকে শারিরীক প্রতিবন্ধীদের জন্য দেওয়া হুইলচেয়ার বিতরণ করছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনে প্রতিবন্ধীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
নিয়াজ মোর্শেদ এলিটের অভিযোগ, উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী এই ঘটনা ঘটিয়েছে। তিনি বলেন, 'আমি জননেত্রী শেখ হাসিনা ও যুবলীগ চেয়ারম্যান পরশ ভাইয়ের নির্দেশে মানুষের সেবা করে যাচ্ছি। দলের নেত্রীসহ সাধারণ মানুষের প্রিয়পাত্র হওয়ায় অনেকেই আমাকে ঈর্ষা করে। স্থানীয় একজন সংসদ সদস্যের অনুসারীরাই এই হামলা করেছে।'
তবে এ বিষয়ে উপজেলা যুবলীগের সহসভাপতি আশরাফুল কামাল মিঠু বলেন, 'আমি শুনেছি আর্জেন্টিনা বিশ্বকাপ জেতায় গ্রামের ছেলেরা আনন্দে মেতে আতশবাজি ফুটিয়েছে। নিয়াজ মোর্শেদের এলিটের বাড়িতে উপজেলা যুবলীগের কেউ হামলা করেনি। কী ঘটেছে, তা খতিয়ে দেখা উচিত।'
ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা বলেন, 'গতকাল ফুটবল বিশ্বকাপ ফাইনাল খেলা দেখা গভীর রাতে ঘুমোতে গেছি। সোমবার দুপুর ২টায় ঘুম থেকে উঠেছি। সকালে নিয়াজ মোর্শেদ এলিটের বাড়িতে কী ঘটেছে তা আমার জানা নেই।'
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, 'কেন্দ্রীয় যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিটের বাড়িতে হামলা হয়েছে কিনা, তা আমার জানা নেই। কেউ আমাকে কিছু জানায়নি। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'
