রুয়েটের ৯ শিক্ষক-কর্মকর্তাকে হত্যার হুমকি, প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ১৯:১৬

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষক-কর্মকর্তাকে ডাকযোগে ‘কাফনের কাপড়’ পাঠিয়ে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে হুমকিদাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। অন্যথায় রুয়েটের শিক্ষক-কর্মচারীরা আন্দোলন কর্মসূচিতে যাবেন বলেও ঘোষণা দেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বহুল আলোচিত সাবেক ভিসি রফিকুল ইসলাম শেখ, রুয়েট বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কামরুজ্জামান রিপন, রুয়েট শিক্ষক সমিতির সভাপতি ড. ফারুক হোসেন, সহসভাপতি ড. জগলুল শাহাদাত, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. রবিউল আওয়াল, সহকারী পরিচালক মামুনুর রশীদ, রুয়েট রেজিস্ট্রার ড. সেলিম হোসেন, কম্পোট্রোলার নাজিমউদ্দীন আহমেদ, সহকারী প্রকৌশলী হারুন অর রশিদ ও সেকশন অফিসার রাইসুল ইসলাম রেজা প্রমুখ।

গত ২১ ডিসেম্বর ডাকযোগে রুয়েটের প্রফেসর ফারুক হোসেন, প্রফেসর রবিউল আওয়াল, প্রফেসর জগলুল সাদত, প্রফেসর রফিকুল ইসলাম সেখ, সদ্য সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর সেলিম হোসেন, মামুনুর রশীদ, নাজিমউদ্দীন আহম্মদ, প্রকৌশলী হারুন অর রশিদ ও প্রকৌশলী রাইসুল ইসলামকে হত্যার হুমকি দিয়ে ‘কাফনের কাপড়’ পাঠানো হয়। ‘সচেতন নাগরিক সমাজ’ নাম দিয়ে পোস্ট অফিসের মাধ্যমে চিঠিগুলো পাওয়া যায়। চিঠি খুললে ভেতরে কাপড়ের ২টি টুকরো পাওয়া যায়।

এ ব্যাপারে ভুক্তভোগী শিক্ষক-কর্মকর্তাদের মাঝে আতঙ্ক ও ভীতির সঞ্চার হয়। এ ঘটনায় রুয়েটের রেজিস্ট্রার সেলিম হোসেন নগরীর মতিহার থানায় ওইদিন একটি অভিযোগ দায়ের করেন। তবে পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি।

নগরীর মতিহার থানার ওসি হাফিজুর রহমান বলেন, এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরির আবেদন করেছে রুয়েট প্রশাসন। আমরা ঘটনাটি তদন্ত করছি।

ইত্তেফাক/এসকে