নতুন বছরে অন্দর সাজান নতুন রূপে

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩, ২১:১৭

একটি নতুন বছর পুরনো সবকিছুকে দূরে সরিয়ে নতুন করে শুরু করার উন্মাদনা তৈরি করে। পাওয়া না পাওয়ার হিসেব ঘুচিয়ে নতুন আশা নিয়েই দিনের শুরু করা হয়। আর নতুন এই বছরটিকে বরণ করে নিতে আমাদের আগ্রহের শেষ থাকে না। নিজের সাজসজ্জা থেকে শুরু করে ঘরটাকেও আমরা নতুন করে নতুন রূপে সাজিয়ে তুলি। বাঙালি উৎসবকে যাপন করতে ভালোবাসে। তাই নতুন বছরে নতুনের রঙে ঘরদুয়ারও সাজিয়ে ফেলে। নতুন বছরে নিজের ঘরটিকে কিভাবে আকর্ষণীয় করে তোলা যায় সেই পণ নিয়েই কাজ করা হয়। খুব বেশি পরিবর্তন আনতে হয় এমন কিন্তু না। নতুন বছর উপলক্ষে টুকটাক কিছু পরিবর্তনই ঘরের সাজ পুরো বদলে দেয়। এই যেমন ধরুন ঘরের রঙ পরিবর্তন, নতুন আসবাব আনা, শতরঞ্জিতে ঘর সাজানো প্রভৃতি। 

নতুন রঙে নতুন বছর
ঘর সজ্জার একটি অন্যতম উপাদান হলো ঘরের রং। ঘরের ঠিকঠাক রং কিন্তু মনকে শান্ত করে। আবার মনের ওপর চাপও কমায়। তবে ঘরে ভুল রং ব্যবহারে হিতে বিপরীত হবে। দেখবেন ঘরে প্রবেশের পর কেমন অবসাদগ্রস্ত বা দুশ্চিন্তাগ্রস্ত লাগছে কিংবা মনের ওপর চাপ পড়ছে। খুব হালকা একরঙা টোনের রংকে বেজ রংও বলা হয়। যে ঘরে আপনি বেশি সময় থাকবেন, সেখানে এমন রং দেওয়া উচিত। যেমন শোবার ঘর। হালকা রঙের ঘরকে আলো–বাতাসে ভরপুর আর আরামদায়ক মনে হয়। চোখে, মনে প্রশান্তি দেয়। আপনার যে রং পছন্দ, সেটার হালকা শেড ব্যবহার করতে পারেন। ঘরকে করে তুলুন স্বস্তিদায়ক। নতুন রঙের সঙ্গে দেয়ালে আলপনাও এঁকে নিতে পারেন।

কুশন কাভারে আসুক পরিবর্তন  
নতুন বছরে ঘরকে সাজাতে আনতে পারেন কুশন কাভারের পরিবর্তন। অল্প খরচে ঘরের আমেজ এবং সোফার রূপ বদলে ফেলতে পারবে এই কুশন কাভার। আপনার ঘরের রঙের সঙ্গে মিলিয়ে কুশন কাভারগুলো বেছে নিতে পারেন। বাজারে কুশনের সাইজেও আছে নানা রকমফের। দুটো কুশন যদি সাইজে বড় হয় তাহলে বাকিগুলো কিনে নিন ছোট সাইজের। বাজারে পাওয়া যায় গোল থেকে শুরু করে হার্ট শেপের কুশন। সোফায় এমন নানা ধরনের কুশন বেশ মানায়। ঘরটাও মুহূর্তের মধ্যে উৎসব আমেজে ভরে উঠেছে। এবার কুশন কাভারের রংটাও বাছাই করুন উজ্জ্বল বর্ণের। সহজেই সোফার সঙ্গে মানিয়ে যাবে উজ্জ্বল রঙের কুশনটি। সঙ্গে সঙ্গে নতুন বছরে আপনার ঘরটিও সেজে উঠবে নতুন আবেশে।

শতরঞ্জি অথবা কার্পেট বদল
ঘরের মেঝে সবচেয়ে অবহেলিত অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ। আপনি চাইলে এই মেঝে সহজেই সাজিয়ে ফেলতে পারেন। মেঝে যদি খালি থেকে থাকে সে ক্ষেত্রে নিউ ইয়ার উপলক্ষে মেঝেতে আলপনা আঁকতে পারেন। উজ্জ্বল রঙের আলপনাগুলো ঘর আলোকিত করে রাখে। এছাড়া নানা নকশার কার্পেট তো আছেই বাজারে। ঘরের সঙ্গে মিলিয়ে যেকোনো নকশার কার্পেট নিয়ে আসুন। ব্যস ঘরের চেহারা বদলে যাবে। আপনি যদি কার্পেট ব্যবহার না করতে চান, সেক্ষেত্রে শতরঞ্জি ব্যবহার করতে পারেন। শতরঞ্জি একদিকে যেমন আধুনিক, তেমনি পাবেন ঐতিহ্যের ছোঁয়া।  

ওয়াল আর্ট কিংবা  ওয়ালপেপার
ওয়ালপেপার একটা চমৎকার উপায় ঘরের ভেতরটা বদলে ফেলার। চাইলেই ঘরের সম্পূর্ণ দেয়াল রাঙিয়ে নিতে পারেন কিংবা শুধু এক পাশের দেয়াল রাঙিয়ে নিতে পারেন। অথবা শুধু দেয়ালের কিছু অংশও ওয়ালপেপার হিসেবে ব্যবহার করতে পারেন। ধরুন ঘরের তিন দিকের দেয়াল এক রঙের আর বাকি একপাশের দেয়ালে ওয়ালপেপার লাগানো। পুরো ঘর কিন্তু বেশ ছিমছাম দেখাবে। আপনার যদি গাছগাছালির ছবি ভালো লাগে তাহলে ঘরে গাছগাছালির নানারকম নকশা ব্যবহার করতে পারেন। ঘরের ভেতর যদি প্রকৃতি ছড়িয়ে দেওয়া যায়, তাহলে তো ঘরের সৌন্দর্য বেড়ে দ্বিগুণ। আপনার ছোট্ট সোনামণির ঘরের সিলিংটাকে আকাশের তারার মতো করে এঁকে নিতে পারেন এই নতুন বছরে। শিশুর ঘরের এমন বদল তার ভাবনার জগতেও দারুণ প্রভাব ফেলবে।

ডেকোরেটিং লাইট 
নিউ ইয়ারের জন্য ঘর সাজাচ্ছেন, সেখানে লাইটিং থাকবে না, তা কি হয়? উৎসব আমেজ যেন অনেকটাই অপূর্ণ থেকে যাবে যদি যথাযথ লাইটিং না থাকে। এই এক্সট্রা লাইটের জন্য ঘরের ভেতর বিভিন্ন রকমের আলোর আমেজ তৈরি করা যায়। নিউ ইয়ারের সময় সবাই উৎসব আমেজেই থাকে। তাই ঘরে সোনালি বা সাদা আলো বেশ মানাবে। এখন বাজারে পাওয়া যায় নানা ধরনের বাহারি বাতি, যেমন স্ট্রিং লাইট। এগুলো আপনার পছন্দমতো আকৃতির বাছাই করে নিয়ে ঘর সাজিয়ে নিতে পারেন। দেখতে ভীষণ সুন্দর লাগে।

দেয়াল সাজান ছবিতে
আপনার ঘরের পুরনো ছবির অ্যালবাম, পুরনো ক্যালেন্ডার, পুরনো ছবি নতুনভাবে আপনার ঘরের দেয়ালে বাঁধান। অথবা আপনি আপনার ক্যামেরা কিংবা স্মার্টফোনে তুলা ছবি ও বাঁধাই করে দেয়ালে লাগাতে পারেন৷ শুধু আপনার ছবি নয়, আপনি চাইলে আপনার যেকোনো পছন্দের ছবি বাঁধাই করে ঘরের দেয়ালে লাগাতে পারেন। সহজে ঘর সাজানোর আইডিয়াগুলোর মধ্যে যা খুবই সহজ এবং কাজের।

টেবিলে রাখুন সতেজ ফুল
একগুচ্ছ ফুল রাখুন ঘরের ভেতর। যেকোনো উৎসব যেকোনো আয়োজন ফুল ছাড়া যেন পূর্ণতা পায় না।  ফুলের সৌন্দর্যে মোহিত হয়ে থাকতে আমরা সবাই ভালোবাসি। এমন কাউকে হয়তো খুঁজে পাওয়া যাবে না যে কি না ফুল ভালোবাসে না। নতুন বছরকে বরণ করতে ঘরের ভেতর সতেজ একগুচ্ছ ফুল কিন্তু উৎসবের আমেজ আরও বহু অংশে বাড়িয়ে দেয়। তাই পছন্দমতো ফুল বাজার থেকে এনে ঘরের ভেতর সুন্দর করে সাজিয়ে রাখুন। বছরের শুরুটা যদি ফুলের সুবাস দিয়ে শুরু হয়। এতে করে নতুন বছরেও সজীবতা বজায় থাকবে পুরোপুরি।

দিনশেষে সবার ক্লান্তি দূরের অন্যতম স্থানটি হলো বাড়ি। হাজার বাইরে থাকলেও কাজ শেষে ফিরতে হয় শান্তির নীড়ে। তাই এই শান্তির নীড়টিকে নতুনরূপে সাজিয়ে রাখলে মন ভালো থাকে এবং কাজেও আগ্রহ তৈরি হয়।

ইত্তেফাক/এআই