আইটি ফ্রিল্যান্সিংয়ে আবাসিক সুযোগ-সুবিধায় প্রশিক্ষণ

আপডেট : ১৭ জুন ২০১৯, ২০:৩৯

তথ্যপ্রযুক্তি ডেস্ক

 

পিকেএসএফ কর্তৃক পরিচালিত দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচি ‘স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি) প্রকল্পের আওতায় আইটি ফ্রিল্যানিসং বিষয়ের উপরে আবাসিক সুযোগ-সুবিধাসহ প্রশিক্ষণ প্রদান করবে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণদাতা প্রতিষ্ঠান কোডার্সট্রাস্ট বাংলাদেশ। সম্প্রতি বাংলাদেশ সরকারের অর্থায়নে পরিচালিত পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং কোডার্সট্রাস্ট বাংলাদেশের মধ্যে এ নিয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

এরই ধারাবাহিকতায়, সম্প্রতি কোডার্সট্রাস্ট বাংলাদেশের আবাসিক ক্যাম্পাসে (রূপনগর, মিরপুর) প্রথম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান এবং কোডার্সট্রাস্ট কো-ফাউন্ডার এবং চিফ স্ট্রাটেজিস্ট মো. আজিজ আহমেদ এবং কোডার্সট্রাস্ট গ্লোবালের সিইও ম্যাডস গ্যালসগার্ড। এছাড়াও উপস্থিত ছিলেন পিকেএসএফ-এর মহাব্যবস্থাপক মো. আবুল কাশেম। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোডার্সট্রাস্টের কান্ট্রি ডিরেক্টর আতাউল গনি ওসমানী।

প্রধান অতিথি মো. আব্দুল করিম বলেন, ‘পিকেএসএফ এবং কোডার্সট্রাস্ট বাংলাদেশের যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণ দেশের তরুণ সমাজকে কর্মক্ষম হিসেবে গড়ে তুলবে, যা বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রাখবে।’

কোডার্সট্রাস্ট বাংলাদেশের কো-ফাউন্ডার আজিজ আহমেদ তাঁর বক্তব্যে বলেন, ‘কোডার্সট্রাস্ট প্রতিষ্ঠার শুরু থেকেই বাংলাদেশসহ বিভিন্ন দেশে সব ধরনের জনসাধারণের দক্ষতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশে শিক্ষিত বেকার জনগোষ্ঠী, যারা কর্মক্ষেত্রে যোগ্যতা অনুযায়ী কাজ করতে পারছে না, তাদেরকে সঠিক প্রশিক্ষণ প্রদান করে শুধুমাত্র বাংলাদেশ নয়।’ বহির্বিশ্বেও কর্ম উপযোগী করে গড়ে তোলার উপরেও তিনি গুরুত্ব আরোপ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান বলেন, ‘বিপুল কর্মক্ষম জনশক্তিকে শুধু চাকরির জন্য মুখাপেক্ষী না রেখে, যুগোপযোগী প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় সহায়তার মাধ্যমে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে।’

উল্লেখ্য, ২০১৫ সাল থেকে পিকেএসএফ সেইপ কর্মসূচির আওতায় দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন ধরনের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান করে আসছে। কোডার্সট্রাস্ট গত চার বছরেরও অধিক সময় ধরে দক্ষতা বৃদ্ধি এবং ফ্রিল্যান্সিংয়ের ওপর প্রশিক্ষণ প্রদান করে আসছে এবং অনেক প্রশিক্ষণার্থী ইতোমধ্যে সফলতার সঙ্গে অনলাইনে কাজ করে যাচ্ছেন।