সিলেটের কোম্পানীগঞ্জে সাদ্দাম হোসেন (৩২) নামের এক মোটরসাইকেল রাইডার গুলিবিদ্ধ হয়েছে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তিনি উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের খায়েরগাঁও গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের ঢালারপাড় ও গাছঘর গ্রামের মধ্যেবর্তী হাওর এলাকায় এ ঘটনা ঘটে। এতে নজির মিয়া নামের আরও একজন আহত হয়েছেন।
গুলিবিদ্ধ সাদ্দামের সঙ্গে থাকা নজির মিয়া জানান, উপজেলার রাজনগর বাজার থেকে মোটরসাইকেলের যাত্রী আনার জন্য গাছঘর গ্রামে যাচ্ছিলেন। পথে ঢালারপাড় ও গাছঘর গ্রামের মাঝামাঝি হাওর এলাকায় ডাকাতদলের ৫ থেকে ৬ জনের সদস্য হামলা চালায়। ডাকাতেরা প্রথমে দুই রাউন্ড গুলি করে, পরে আরেকটি গুলি সাদ্দাম হোসেনের বুকে লাগালে তিনি মাটিতে পড়ে যান।
এ সময় নজির মিয়া মোটরসাইকেল থেকে পড়ে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কোম্পানীগঞ্জ ৩১ শয্যা হাসপাতালে ও পরে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে বুধবার (৪ জানুয়ারি) উন্নত চিকিৎসার জন্য সাদ্দামকে ঢাকায় পাঠানো হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানান, গুলি করে মোটরসাইকেল ডাকাতির চেষ্টার খবর পেয়েছি। ঘটনাস্থল চিহ্নিত করার চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি।
তিনি বলেন, ভুক্তভোগীদের সঙ্গে কথা হয়েছে। তারা বেশি কিছু বলছে না। মোটরসাইকেল ডাকাতি করতে হলে তো তারা মোটরসাইকেল নিয়ে যেত। গুলি করেছে কিন্তু মোটরসাইকেল নেয়নি, এতে আমাদের কিছুটা সন্দেহ হচ্ছে। এটা নেহায়েত ডাকাতির ঘটনা নাও হতে পারে। ঘটানটি রহস্যজনক মনে হচ্ছে, পুলিশ তা উদঘাটনের চেষ্টা করছে।
